ঢাকায় সাতসকালে বিএনপি-জামায়াতের ঝটিকা মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়ে রাজধানী ঢাকার কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকায় যে কয়টি মিছিল বের হয়েছে, সেগুলোর বেশির ভাগই ছিল খুব সকালে। পুলিশ আসার আগেই মিছিল শেষ হয়ে যায়।
নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিরোধীদলীয় নেতা-কর্মীদের গুম, খুন, নির্যাতন, পঙ্গু ও আহত করার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট এই বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়। সারা দেশের জেলা, উপজেলা, পৌরসভা ও মহানগরের থানা পর্যায়ে এ কর্মসূচি ছিল।
রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় সকাল আটটায় একত্রে মিছিল করেছে বিএনপি ও জামায়াত। ২০-দলীয় জোটের রমনা থানার যুগ্ম আহ্বায়ক ও বিএনপির নেতা আহসান হাবিব মিছিলে নেতৃত্ব দেন। এতে বিএনপির আতাউর রহমান, জামায়াতের ইউসুফ আলী, আতাউর রহমান সরকার, যুবদলের তবিবুর রহমান, ছাত্রদলের মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। একই সময়ে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির এম আলম, জামায়াতের নিজামুল হক প্রমুখ। মোহাম্মদপুরে জাগপার সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমানের নেতৃত্বে মিছিল হয়।
এ ছাড়া সকাল সাতটা থেকে আটটায় ধানমন্ডির শেরেবাংলা রোডে, মিরপুরের ইব্রাহিমপুর বাজারে, ডেমরার রাণীমহল এলাকায় বিএনপি-জামায়াত; মিরপুরের কল্যাণপুর, উত্তরা, পুরান ঢাকার লালবাগ, জুরাইন রেলগেট, দয়াগঞ্জ এলাকায় জামায়াত; বাড্ডা ও খিলগাঁও এলাকায় ছাত্রশিবির এবং দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নীলক্ষেত এলাকায় ছাত্রদল মিছিল করে।
খালেদার কার্যালয়ে চিকিৎসক দল: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গতকাল গুলশানে তাঁর কার্যালয়ে দেখা করেছে পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল। বেলা তিনটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম এ তাহিরের নেতৃত্বে তাঁরা ওই কার্যালয়ে যান। সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসক দলটি কার্যালয় থেকে বের হয়। ওই কার্যালয়ের ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের চিকিৎসক এম এ তাহির বলেন, তাঁরা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেননি। দেখে মনে হয়েছে খালেদা জিয়া ভালো আছেন। তবে কার্যালয়ে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের অবস্থা বেশি ভালো নয় বলে জানান তিনি।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, চিকিৎসক দলটি একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিল। অ্যাম্বুলেন্সে কিছু খাবার, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ছিল। কিন্তু পুলিশ তাঁদের কার্যালয়ের অদূরে আটকে দেয় এবং খালি হাতে কার্যালয়ে ঢুকতে দেয়।
চিকিৎসক দলের অন্য সদস্যরা হলেন সিরাজ উদ্দিন, এম তৌহিদুল হক, এস এম রফিকুল ইসলাম ও সেবিকা লাবনী।
গত ১১ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়ার কার্যালয়ে খাবার নিতে পুলিশ বাধা দিচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রেও পুলিশ কড়াকড়ি আরোপ অব্যাহত রেখেছে। ১২ দিন পর গতকাল চিকিৎসকেরা কার্যালয়ে ঢোকার সুযোগ পেলেন। এর আগে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটি ও ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।