ঢাকার পথে খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় মাজার প্রাঙ্গণে ছিলে হাজারো নেতা-কর্মী। ছবি: আনিস মাহমুদ
হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় মাজার প্রাঙ্গণে ছিলে হাজারো নেতা-কর্মী। ছবি: আনিস মাহমুদ

সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত ১০টার দিকে সিলেট সার্কিট হাউস থেকে তাঁর গাড়িবহর ঢাকার পথে রওনা হয়।

সিলেটের বিএনপির শীর্ষ নেতা-কর্মীরা খালেদা জিয়াকে বিদায় জানান। এর আগে সকাল সোয়া নয়টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সিলেটের উদ্দেশে রওনা হন তিনি। বিকেল সাড়ে চারটা নাগাদ সিলেট শহরে পৌঁছায় খালেদা জিয়ার গাড়িবহর।

শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পর সার্কিট হাউসে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। রাত প্রায় নয়টা ৫২ মিনিটে তিনি সার্কিট হাউস থেকে বের হন। এরপর ঢাকার পথে রওনা হয় খালেদার গাড়ি বহর।

বৈঠকে খালেদা জিয়া সিলেটের সাংগঠনিক তৎপরতার সঙ্গে সম্পৃক্ত উপদেষ্টা কমিটির সদস্য, কেন্দ্রীয় পদে থাকা সিলেটের নেতা, জেলা ও নগর কমিটির নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। এ মতবিনিময় শুধু শুভেচ্ছা বিনিময় ছিল বলে বৈঠক সূত্র নিশ্চিত করে। সার্কিট হাউসের বাইরে তখন হাজারো নেতা–কর্মী ছিলেন। যাত্রাপথে নেতা–কর্মীরা স্লোগান দিয়ে নগরের প্রবেশ মুখ চণ্ডীপুল পর্যন্ত যান।

বিএনপি নেতা-কর্মীরা জানান, সিলেট যাওয়ার পথে বিভিন্ন স্থানে দলটির নেতা-কর্মীরা চেয়ারপারসনকে স্বাগত জানান। তাঁরা সড়কের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে খালেদা জিয়ার নামে স্লোগান দেন। এ সময় সড়কের দুই পাশে পুলিশের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। খালেদা জিয়াকে স্বাগত জানাতে এসে গ্রেপ্তার হয়েছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া খালেদা জিয়ার সিলেট যাত্রাপথে নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন স্থানে পুলিশ ও সরকারি দলের কর্মীদের বাধার সম্মুখীন হয়েছেন।