বাংলাদেশের সঙ্গে দুই স্তরে সম্পর্ক রাখছে বিদেশি রাষ্ট্রগুলো। নির্বাচন, সুশাসন ও মানবাধিকার নিয়ে তারা সমালোচনা করলেও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকছে তারা।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের নির্বাচন ও রাজনীতি নিয়ে সমালোচনামুখর ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্ব। পরে এ তালিকায় যুক্ত হয়েছিল জাতিসংঘ, মার্কিন কংগ্রেস, যুক্তরাজ্যের হাউস অব কমন্স, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন, জাপানসহ আরও কয়েকটি দেশ। সবাই একতরফা নির্বাচন ও সহিংসতায় উদ্বেগ জানানোর পাশাপাশি ভবিষ্যতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে সংলাপের মাধ্যমে সমঝোতার তাগিদ দিয়েছিল। কিন্তু নির্বাচনের পর প্রথমে ভারত এবং পরে চীন ও রাশিয়া সরকারের পাশে থাকার ঘোষণা দেয়।
৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তিকে ঘিরে ২০১৫ সালের শুরুতে আবার সংঘাত-সহিংসতা শুরু হলে ফের সক্রিয় হয়ে ওঠে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। এপ্রিলে ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনের নির্বাচন পর্যন্ত বক্তৃতা-বিবৃতিতে তাদের সরব থাকতে দেখা গেছে। তখনো তারা আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যা থেকে উত্তরণের কথা বলেছে। কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে তাদের এ নিয়ে তেমন কথা বলতে শোনা যায়নি। বরং গণতন্ত্র, সংলাপের মতো বিষয়গুলোকে পাশে সরিয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর ক্ষেত্রে মনোযোগী হতে দেখা গেছে পশ্চিমের দেশগুলোকে। সেপ্টেম্বরের পর থেকেই বিদেশি নাগরিকদের হত্যা এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা ও হতাহতের পর তারা উচ্চকণ্ঠ হয়েছে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে। জঙ্গিবাদ ও আইএস মোকাবিলায় বাংলাদেশকে পাশে পেতে মরিয়া মনোভাবও দেখিয়েছে।
অথচ ২০১৪ সালের শুরুতে তো বটেই, ২০১৫ সালের প্রথম তিন মাসে সহিংসতা বন্ধ, বাংলাদেশে রাজনৈতিক সংকট উত্তরণের জন্য বেশ কয়েক দফায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন বিবৃতি দিয়েছেন। দুই নেত্রীকে চিঠিও দিয়েছেন। সংকট নিরসনে বান কি মুন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে মধ্যস্থতার জন্য দায়িত্ব দেওয়ার কথাও ঘোষণা করা হয়। কিন্তু সরকার জাতিসংঘের এই উদ্যোগে সাড়া দেওয়ার চেয়ে কালক্ষেপণ করায় শেষ পর্যন্ত জাতিসংঘ মহাসচিবের প্রয়াস সফল হয়নি। সংলাপের আহ্বান জানিয়ে ঢাকায় অবস্থানরত কূটনীতিকেরা দুই দলের সঙ্গে আলোচনার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সরকার তাঁদের এসব আহ্বানে সাড়া দেয়নি।
জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান প্রথম আলোকে বলেন, গত বছরের প্রথম তিন মাস ছাড়া মোটামুটিভাবে দেশে স্থিতিশীলতা ছিল। বিনিয়োগ বাদ দিলে সামগ্রিকভাবে অর্থনীতি ভালো করছে। এ অবস্থায় বিভিন্ন দেশ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার সঙ্গে যুক্ত থাকার ওপর জোর দিয়েছে। যদিও সুশাসন ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা থাকায় বিনিয়োগ নিয়ে অনেকের আস্থার সংকট আছে। তবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে এ বছরও অব্যাহত থাকলে বিনিয়োগের ক্ষেত্রে আস্থা বাড়ার সম্ভাবনা আছে।
আশফাকুর রহমানের মতে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব গণতন্ত্র, সুশাসন ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যে বক্তব্য দেয়, সেটি তাদের নিজেদের এবং আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে বলে। কাজেই বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু এসব বিষয় নিয়ে জোরালো অবস্থান তুলে ধরার চেয়ে তাদের জন্য এ দেশের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকাটা অনেক বেশি বাস্তবসম্মত পদক্ষেপ।
জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সম্প্রতি তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন দেশ ও জোটের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গত দুই বছরে আরও শক্তিশালী হয়েছে। তুলনামূলকভাবে একটি নতুন গণতান্ত্রিক দেশ হিসেবে আমরাও স্বীকার করি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা দরকার। ২০২১ ও ২০৪১ সালে দেশের আর্থসামাজিক উন্নয়ন লক্ষ্য সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই।’
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজনীতি, সংলাপ ও নির্বাচনের মতো বিষয়গুলোকে কিছুটা পাশে সরিয়ে রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নয়ন ও বাণিজ্য-সংক্রান্ত বিষয়গুলোতে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দিয়েছে বিভিন্ন দেশ। তাদের এমন অবস্থানের নেপথ্যে কাজ করেছে একাধিক বিষয়। এর প্রথম ও প্রধান কারণ দুই বছরের অধিকাংশ সময় মোটামুটিভাবে রাজনৈতিক স্থিতিশীলতা থাকা এবং অর্থনৈতিক উন্নয়ন। পাশাপাশি ভারতের মতো নিকট প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নিবিড় করে চীন ও জাপানের মতো শক্তিশালী দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ অবস্থান অন্য দেশকেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভাবিয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে বাংলাদেশের ভৌগোলিক ও কৌশলগত অবস্থানও ক্রমেই গুরুত্বপূর্ণ হওয়ায় এ বিষয়টি সরকারের জন্য সহায়ক হয়েছে। আর গত বছরের শেষ দিকে বাংলাদেশে হঠাৎ করে সন্ত্রাসমূলক তৎপরতা বেড়ে যাওয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আইএসের বিস্তার রোধে বাংলাদেশের মতো মধ্যপন্থী মুসলিম দেশকে পাশে রাখাটা পশ্চিমের জন্য তো বটেই, আরব দেশগুলোর জন্যও জরুরি হয়ে পড়েছে।
দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারতের সঙ্গে অমীমাংসিত সমস্যা সমাধানে ধারাবাহিকভাবে এগিয়েছে বাংলাদেশ। আবার ভারতকে সঙ্গে নিয়ে মিয়ানমার ও চীনকে যুক্ত করে অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠার যাত্রায় যুক্ত হয়েছে বাংলাদেশ। পদ্মা সেতু ও কর্ণফুলী টানেল তৈরিতে যুক্ত রেখে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ধারাবাহিকতা বজায় রেখেছে সরকার। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কোন্নয়নের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে জাপান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফরের সময় জাপানের বিশেষ উদ্যোগ বিগ বি বা বঙ্গোপসাগরীয় শিল্প উদ্যোগে বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। ফিরতি সফরে ঢাকায় এসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের নির্বাচনে তাঁর দেশের সমর্থনে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে সফল হন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি এ সফরের সময় বাংলাদেশের ব্যবসা ও বাণিজ্যে ব্যাপকভাবে যুক্ত হওয়ার ঘোষণা দেন।
রাজনীতি, সুশাসন ও নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে ভিন্নমত থাকার পরও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ব্যবসা, বাণিজ্য, উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের ইঙ্গিত আছে। দেশটি মনে করে, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় করিডরের অর্থনৈতিক সম্ভাবনার বিষয়টিতে গুরুত্ব দিলে বাংলাদেশের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। এ দিক থেকে ভবিষ্যতে কৌশলগত কারণের পাশাপাশি অর্থনৈতিক কারণেও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার থাকবে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে সরকার যেমন সজাগ থেকেছে, তেমনি চেষ্টা ছিল আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর। এর ধারাবাহিকতায় ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় সমর্থনের পাশাপাশি বছরের শেষে এসে সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে যোগ দিয়েছে বাংলাদেশ। অবশ্য উইকিলিকসের সৌদি নথি থেকে দেখা গেছে, যুদ্ধাপরাধের বিচার বন্ধে জামায়াতে ইসলামী এবং রাজনৈতিক মধ্যস্থতার জন্য বিএনপির অনুরোধ রাখেনি সৌদি আরব। ঐতিহাসিকভাবে বাংলাদেশের রাজনৈতিক দল দুটির সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও সৌদি সরকার তাদের অনুরোধে সাড়া দেয়নি। এটিকে বিবেচনায় নিয়ে সৌদি আরবের ইয়েমেন অভিযান ও সামরিক জোট ঘোষণার মতো উদ্যোগে সায় দিয়ে তাদের পক্ষে রাখার পথে হাঁটছে বর্তমান সরকার।
গণতন্ত্র ও সুশাসনের গুরুত্ব থাকলেও শেষ পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতাই ছিল ইউরোপের দেশগুলোর সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়। তাই চীন, জাপান ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়নের ফলাফলকে বিবেচনায় নিয়েছে ইউরোপের দেশগুলো।
নির্বাচন ও সরকারের প্রতি সমর্থনের ধারাবাহিকতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তির পাশাপাশি সামরিক ক্ষেত্রেও রাশিয়ার সঙ্গে একাধিক চুক্তি করেছে সরকার। ফ্রান্সের প্রতিষ্ঠান থালেস অ্যালেনিয়া স্পেস বঙ্গবন্ধু স্যাটেলাইট কাজ এবং দেশটির আরেক প্রতিষ্ঠান টেকনিপ পেয়েছে দেশের একমাত্র তেল শোধনাগারের ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের উৎপাদন বাড়ানোর কাজ। পায়রায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে নেদারল্যান্ডসের রটারডাম পোর্টকে।
জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত হুমায়ন কবীর প্রথম আলোকে বলেন, গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে পশ্চিমা বিশ্বকে তুলনামূলকভাবে কম কথা বলতে দেখার মানে এটা নয় যে তারা বিষয়গুলোকে বাদ দিয়েছে। বৈশ্বিক মানদণ্ড পূরণ না হওয়া পর্যন্ত এ বিষয়গুলো নিয়ে ওই দেশগুলো কথা বলবে। আবার একই সময়ে বাংলাদেশের সঙ্গে নানাভাবে যুক্ত থেকেছে, সহযোগিতা বাড়িয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে তারা দুই স্তরেই সম্পর্ক বজায় রাখবে।