ঢাকার সমস্যা সমাধানের প্রত্যয় আনিসুল হকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক
আনিসুল হক

সাধারণ মানুষের জন্য কাজ করতে চান ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। পাশাপাশি ঢাকাকে পরিচ্ছন্ন এবং মানবিক নগর হিসেবে গড়ে তোলার কথাও বলেছেন তিনি।

আজ শনিবার পরিকল্পনাবিদ, পরিবেশবিদ ও গবেষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আনিসুল হক। রাজধানীর বাংলা মটরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স টাওয়ারের সেমিনার হলে ‘আমরা ঢাকা’ নামে একটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম সভাটির আয়োজন করে।

মতবিনিময় সভায় আনিসুল হক বলেন, এটি কাজ করার একটি সুযোগ। তিনি সাধারণ মানুষের জন্য, সমতার জন্য কাজ করতে চান। নারীদের জন্য নিরাপদ নগর, একটি মানবিক ও সবুজ শহর তৈরি করতে কাজ করার কথাও বলেন তিনি। তিনি বলেন, ‘ঢাকার সমস্যাগুলো চিহ্নিত, এবার সমাধানের পালা। আমি অল্প অল্প করে সে লক্ষ্যে এগিয়ে যেতে চাই।’

মূলত রাজধানী ঢাকা নিয়ে কাজ করেন, এমন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে এ সভার আয়োজন করা হয়। সাড়ে তিন ঘণ্টারও বেশি সময়ের এ মতবিনিময় সভায় ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন ব্যবস্থাপনা, কর, নদী, খাল, ফুটপাত ইত্যাদি বিভিন্ন বিষয়ে নিজেদের মত দেন বিশেষজ্ঞরা।

মতবিনিময় সভায় নগর গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ঢাকাকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন। তিনি আনিসুল হককে দরিদ্রদের কথা শোনারও পরামর্শ দেন। হকার এবং রিকশাওয়ালাদের মতো পেশাজীবীদের উচ্ছেদের আগে পুনর্বাসনের পরামর্শ দেন তিনি। দরিদ্র জনগোষ্ঠীর আবাসন, নগরবাসীর টয়লেট সুবিধা ইত্যাদি বিভিন্ন বিষয়েও মত তুলে ধরেন তিনি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক গোলাম রহমান বলেন, ৫০ বছর ধরেই ঢাকাকে নিয়ে পরিকল্পনা হচ্ছে। কিন্তু কাউকে তা শোনানো যায় না। তিনি বাস্তবায়নে জোর দেওয়ার পরামর্শ দেন।

পরিকল্পনাবিদ সালমা শফি নাগরিকদের সম্পৃক্ততা এবং সেবার বিকেন্দ্রীকরণের কথা বলেন। তিনি বলেন, একটি ঝাড়ু কিনতে হলেও সিটি করপোরেশন কার্যালয়ে আসতে হয়। এ ধরনের বিষয়গুলোর ক্ষমতা কাউন্সিলর কার্যালয়ের হাতে দেওয়া উচিত বলে মত দেন তিন।

স্থপতি ইকবাল হাবিব বলেন বিশেষজ্ঞদের নিয়ে বিষয়ভিত্তিক ‘কার্যকর সেল’ গঠনের কথা। তিনি পথচারীবান্ধব নগর গঠন, দখল, যানজট, দূষণমুক্ত নগর গঠন ইত্যাদি বিষয়ে বিশদ প্রস্তাব দেন।

স্থপতি মোবাশ্বের হোসেন ঢাকাকে বিভক্ত করার সমালোচনা করেন। তিনি পুরো ঢাকাকে নিয়ে চিন্তা করার কথা বলেন। একপর্যায়ে তিনি আনিসুল হকের উদ্দেশে বলেন, ‘ধরুন, আপনি উত্তরে সব মশা নিধন করলেন, কিন্তু দক্ষিণে সেটি হলো না। তো?’ এ সময় ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়।

অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ৪০ বছর ধরে ঢাকার সমস্যাগুলোর কথা বলা হচ্ছে। কিছু হয়নি, ভবিষ্যতেও হবে না। তবে ব্যক্তির ওপর অনেক কিছু নির্ভর করে, ব্যক্তিত্বের কারণে অনেক কিছু করা সম্ভব। তবে তিনি খুব বেশি আশাবাদী না হতে বলেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পরিকল্পনাবিদ মুহাম্মদ জাহাঙ্গীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক সরোয়ার জাহান প্রমুখ।