১৪ জেলায় কাল হরতাল ডেকেছে ছাত্রদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ও দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে আগামীকাল সোমবার ঢাকা জেলাসহ আশপাশের ১৪টি জেলা ও নারয়ণগঞ্জ মহানগরে হরতালের ডাক দিয়েছে ছাত্রদল। তবে ঢাকা মহানগর হরতালের আওতামুক্ত।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী এক বিজ্ঞপ্তিতে জানান, সংগঠনের সংশ্লিষ্ট শাখাগুলো এই হরতাল আহ্বান করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, গাজীপুর জেলা, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা উত্তর ও কুমিল্লা দক্ষিণ (সাংগঠনিক জেলা), ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনায় এই হরতাল পালন করা হবে।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামীকাল সোমবার বেলা দুইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় রকমের সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। কিন্তু রাজধানী ঢাকায় এখনো সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সমাবেশ করতে এখনো অনুমতি নেয়নি আওয়ামী লীগ।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান সংশ্লিষ্ট জেলা নেতাদের আগামীকাল হরতাল সফল করতে নির্দেশ দিয়েছেন।