ঢাকায় আ.লীগের পাঁচ শর বেশি কাউন্সিলর প্রার্থী

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন যথাক্রমে ৩৬টি এবং ৫৬টি ওয়ার্ডে (মোট ৯২ ওয়ার্ড) আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৫০০–এর বেশি কাউন্সিলর প্রার্থী দলীয় সমর্থন চেয়েছেন। লবিং-গ্রুপিং, সম্পর্ক আর ভবিতব্যের ওপর নির্ভর করছেন তাঁরা।
রাজধানীর আসন্ন দুই সিটি করপোরেশনের দলের একক প্রার্থী ঠিক করতে আগামীকাল সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত নেতাদের সভা ডাকা হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান (গোলাপ) প্রথম আলোকে বলেন, ‘দুই সিটি করপোরেশনে মোট কতজন কাউন্সিলার প্রার্থী হয়েছেন এটা আমরা নিশ্চিত না। তবে একই ওয়ার্ডে একাধিক প্রার্থী আছে সেটা নিশ্চিত। প্রার্থী যাচাই-বাছাই করতে কাল বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত নেতারা বসবেন।’
তবে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাবেক নেতা মিলিয়ে পাঁচ শর বেশি কাউন্সিলর প্রার্থী রয়েছেন। তবে কে দলের সমর্থন পাবেন তা আগামী ৯ এপ্রিলের আগেই পরিষ্কার হবে।
অনুসন্ধানে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬টি ওয়ার্ডের প্রত্যেকটিতে একাধিক কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগের সমর্থন চান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, থানা যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ আসিফ হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন। একইভাবে ১৪ নম্বর ওয়ার্ডে দলীয় সমর্থন চান ধানমন্ডি থানা যুবলীগের আহ্বায়ক হোসেন আলী আফ্রাদ, হাজারিবাগ থানা আওয়ামী লীগের সভাপতি হাজি ইলিয়াস হোসেন (বাবুল) ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সেলিম আহমেদ। ১৯ নম্বর ওয়ার্ডে ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিন, রমনা থানা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল বাসার, আহাম্মেদ হোসেন আওয়ামী লীগের সমর্থন চান।
২৩ নম্বর ওয়ার্ডে দলীয় সমর্থন চান লালবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলাউদ্দীন, লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য সরফুদ্দিন আহমেদ পিন্টু প্রমুখ। ২৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন চান আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক হাসিবুর রহমান (মানিক), ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি ও সাধারণ সম্পাদক মতিউর রহমান (জামান) প্রমুখ। এভাবে প্রায় প্রতিটি ওয়ার্ডে পাঁচজনের কাছাকাছি আবার কোনো-কোনো ওয়ার্ডে সাত–আটজন কাউন্সিলর প্রার্থী রয়েছে আওয়ামী লীগের।
ইতিমধ্যেই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের ঢাকা মহানগরের নেতারা সংগঠনের কেন্দ্রীয় নেতাদের কাছে নিজেদের পছন্দের কাউন্সিলর প্রার্থীদের তালিকা জমা দিয়েছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির প্রধান এম এ আজিজ প্রথম আলোকে বলেন, ‘অনেকে মনোনয়ন চাইছেন। কিন্তু কে কোন ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কাকে দলের সমর্থন দেওয়া হবে সেটা চূড়ান্ত হয়নি। যোগ্যতা দিয়েই সবাইকে বিবেচনা করা হবে।’
বাসায় না পেলে অফিস: কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেতে আগ্রহী প্রার্থীরা নিয়মিত নিজ নিজ এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। তাঁদের সুনজরে আসার আশায় শুধু নেতার বাড়ি নয়, কার্যালয়েও ধরনা দিচ্ছেন। আর গণমাধ্যমে নিজের নাম আনতে কাউন্সিলর প্রার্থীরা রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে সাংবাদিকদের মধ্যাহ্নভোজ ও ডিনার করাচ্ছেন। দায়িত্বপ্রাপ্ত দুজন নেতা জানান, কাউন্সিলর প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঠিক করে দেবেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তার পরও প্রার্থীদের অত্যাচারে তাঁরা ঠিকমতো কাজ করতে পারছেন না।
যে ভাবে হবে প্রার্থী নির্ধারণ: আওয়ামী লীগের উচ্চপর্যায়ের এক নেতা জানান, কয়েক ধাপে একক কাউন্সিলর প্রার্থী নির্ধারণ করবে আওয়ামী লীগ। প্রথমে সাতটি টিমের দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজ-নিজ এলাকার স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে একটি খসড়া তালিকা করবেন। ওই তালিকার সঙ্গে যোগ হবে সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের দেওয়া তালিকা। এরপর এসব তালিকা জমা দেওয়া হবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে। তারপর তিনি সরকারি সংস্থার দেওয়া প্রার্থীদের আমলনামা দেখে, খোঁজখবর নিয়ে এবং দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে প্রার্থী চূড়ান্ত করবেন।
জানা গেছে, একটি ওয়ার্ডে তিনজন প্রার্থী থাকলে একজনকে কাউন্সিলর করে বাকি দুজনকে ওয়ার্ডে দলের নেতৃত্বে আনা হতে পারে। প্রয়োজনে সেখানে ভোটাভুটিও করতে পারেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা।