নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা বদরুল ইসলাম (৫৪) গতকাল শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
বদরুল ইসলাম পেড়লী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ২৫ মে সংঘর্ষে আহত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোফাজ্জেল হোসেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ নিয়ে ওই ঘটনায় দুজন মারা গেলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পেড়লী ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর হোসেন পরাজিত হন। বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী জারজিদ মোল্লা। বৃহস্পতিবার সকাল আটটার দিকে পেড়লীর মহসিন মোড় এলাকায় জাহাঙ্গীরের সমর্থক মুরাদ মুন্সিকে মারধর করেন জারজিদের সমর্থকেরা।
এ খবর ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরের সমর্থক মন্নু শেখ, উজ্জ্বল শেখসহ বেশ কয়েকজন মিলে প্রতিপক্ষের মোফাজ্জেল শেখ (৫০), তাঁর ছেলে সাদ্দাম শেখ (২৫), ভাই শামীম শেখ (৪০) ও প্রতিবেশী মোজাহের হোসেনকে (৪৫) কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থা তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কিছু সময় পর মোফাজ্জেল শেখ মারা যান।
এ ঘটনার পর জারজিদ মোল্লার দেড় থেকে দুই শ সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেন। বাধা দিতে গেলে বদরুল ইসলাম (৫৪), আজিজুর রহমান (৪৮), হানেফ শেখ (৫০), নজরুল ইসলাম (৫০), পারভিন বেগমসহ (৪৪) ১৫ জন জখম হন। তাঁদের সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বদরুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
জানতে চাইলে জারজিদ মোল্লা বলেন, ‘আমি নিজে ৪০টি গরু উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছি। দেওয়ার সময় ছবিও তুলে রেখেছি।’ তিনি দাবি করেন, কে বা কারা বাড়িঘর ভাঙচুরসহ লুটপাট করেছে, তা তাঁর জানা নেই।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গণি মিয়া বলেন, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ওই ঘটনায় এখনো থানায় কেউ মামলা করেননি।