ঢাকায় বৈঠক, বিরোধ নিরসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও দলকে ঐক্যবদ্ধ করতে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান উপনির্বাচনের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী মঞ্জুর হোসেনের উদ্যোগে গতকাল বুধবার ঢাকায় মেট্রোপলিটন হোটেলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় নেতারা সব বিরোধ ও মতভেদ তুলে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেন।
১০ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘বিএনপির দুটি করে কমিটি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কেন্দ্রীয় নির্দেশে মঞ্জুর হোসেনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার এ উদ্যোগ নেওয়া হয়।
দলীয় একাধিক সূত্র জানায়, বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা দুই ধারায় বিভক্ত হয়ে কার্যক্রম চালাচ্ছেন। গত দেড় বছর ধরে গৌরনদী উপজেলা বিএনপি ও সাতটি ইউনিয়নে দুটি করে কমিটি বহাল রয়েছে। দুটি কমিটির নেতারাই পৃথকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছেন। দুই গ্রুপের মধ্যে অসংখ্যবার সংঘাত, দ্বন্দ্ব ও সংঘর্ষের ঘটনা ঘটে।
দলীয় একাধিক নেতা-কর্মী জানান, আসন্ন উপজেলা চেয়ারম্যান উপনির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি দলীয়ভাবে উপজেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর হোসেনকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়। পরবর্তী সময়ে মঞ্জুর হোসেনের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও কুদ্দুসুর রহমানের প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় সদস্য আবদুস সোবাহান গ্রুপের মধ্যকার বিরোধ মিটিয়ে এক করার উদ্যোগ নেওয়া হয়। গতকাল বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন হোটেলে ঐক্যবদ্ধ বৈঠকে আকন কুদ্দুসুর রহমান ও আবদুস সোবাহান ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য গাজী কামরুল ইসলাম, জাতীয়তাবাদী বাস্তুহারা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ হাফিজুর রহমান প্রমুখ।
নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, দীর্ঘ ছয় ঘণ্টার বৈঠকে বিগত দিনের নিজেদের মধ্যকার বিরোধের কারণ শনাক্ত করে তা পর্যালোচনা করা হয়। অতীতের সব মতভেদ ও দলাদলি ভুলে সবাই ঐক্যবদ্ধ হন। ছয় ঘণ্টা বৈঠক শেষে বিকেল তিনটায় কেন্দ্রীয় নেতারা ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়ে বলেন, আজ থেকে গৌরনদী বিএনপিতে আর কোনো বিরোধ বা দলাদলি নেই। উপজেলা ও সাতটি ইউনিয়নে থাকা দুটি করে কমিটির কোনো অস্তিত্ব নেই। খুব শিগগির একক কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। আসন্ন উপনির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত হয়।
বৈঠকের কথা স্বীকার করে কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় সদস্য আবদুস সোবাহান ও গাজী কামরুল ইসলাম বলেন, গৌরনদী বিএনপির মধ্যে দল, উপদল ও কোন্দল নেই। গতকাল বুধবার থেকে বিএনপির নতুন ও ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে। আসন্ন উপজেলা চেয়ারম্যান উপনির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিতকরণ ও স্বৈরাচার হটাতে যেকোনো আন্দোলন-সংগ্রামে এ ঐক্য অটুট থাকবে।
বিএনপির ঐক্যবদ্ধ হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তৃণমূল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে একধরনের উচ্ছ্বাস সৃষ্টি হয়। কয়েকজন স্থানীয় নেতা কেন্দ্রীয় নেতাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তাঁরা এই দিনটির অপেক্ষায় ছিলেন। তাঁদের হতাশা কেটে গেছে। এখন নতুন মনোবল নিয়ে দলের জন্য কাজ করবেন তাঁরা।
গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান গত বছরের ১৯ ফেব্রুয়ারি গৌরনদী উপজেলা চেয়ারম্যান মো. শাহ আলম খানের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৬ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।