ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত এখনো নেয়নি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অবরোধ’ কর্মসূচি স্থগিত বা শিথিল করে রাজধানী ঢাকায় আবার সমাবেশ ডাকার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। আন্দোলন পরিকল্পনার সঙ্গে যুক্ত এবং বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের দায়িত্বশীল দুজন নেতার সঙ্গে কথা বলে গতকাল মঙ্গলবার এ তথ্য জানা গেছে।
যদিও গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে বিএনপির দুজন নেতা সংলাপে বসলে ও সমাবেশ করার অনুমতিসাপেক্ষে অবরোধ প্রত্যাহার করার ইঙ্গিত দিয়েছিলেন।
সোমবার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে ফেরার পর বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহম্মেদকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, অনুমতি দিলে বিএনপি িক ঢাকায় সমাবেশ করবে? অবরোধ প্রত্যাহার করবে? জবাবে তিনি বলেন, ‘এটি ২০-দলীয় জোটের সিদ্ধান্তের ব্যাপার। তবে আমাদের পক্ষ থেকে নিশ্চয়ই ইতিবাচক পদক্ষেপ দেখতে পাবেন।’
তাঁর এ বক্তব্যের পর ঢাকায় বিএনপির সমাবেশ ডাকা ও অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা নিয়ে গতকাল দিনভর দলের ভেতরে-বাইরে আলোচনা হয়। এ নিয়ে বিএনপির নীতিনির্ধারণী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রোববার বিএনপির স্থায়ী কমিটির তিনজন সদস্য গুলশানের কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তাঁদের একজন রফিকুল ইসলাম মিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, সরকার সংলাপ ডাকলে কর্মসূচি প্রত্যাহার করা হবে।
দলের গুরুত্বপূর্ণ একাধিক সূত্র জানায়, অবরোধ কর্মসূচি স্থগিত বা শিথিল করে ১৯ জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে রাজধানী ঢাকায় বড় আকারের সমাবেশ বা শোভাযাত্রা করা যায় কি না, তা নিয়ে বিএনপি নেতাদের কারও কারও কাছ থেকে পরামর্শ এসেছে। এটি খালেদা জিয়ার কাছেও গেছে। কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত দেননি। তবে খালেদা জিয়ার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তিনি অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার পক্ষে অনড় রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল প্রথম আলোকে বলেন, সরকার যদি গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়, সভা-সমাবেশ করতে দেয়, নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবি মেনে নেয়, কেবল তখনই কর্মসূচি প্রত্যাহার করার প্রশ্ন আসবে।
দলটির দায়িত্বশীল কয়েকজন নেতা বলেছেন, সরকার নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবি মেনে নিয়ে সংলাপে বসতে চাইলে কর্মসূচি স্থগিত করা হতে পারে। কিন্তু শুধু ঢাকায় সমাবেশ করার অনুমতি দিলেই যে অবরোধ তুলে নেওয়া হবে, বিষয়টি তা নয়। অবরোধের সঙ্গে সমাবেশ করতে না দিয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে দেওয়া সাত দফা প্রস্তাবও সম্পৃক্ত।
এ বিষয়ে জানতে চাইলে দলের চেয়ারপারসনের একজন উপদেষ্টা গতকাল প্রথম আলোকে বলেন, ‘কর্মসূচি স্থগিত করে সমাবেশ করার কথা আমাদের জানা নেই। তা ছাড়া বর্তমান পরিস্থিতিতে শোভাযাত্রা করার মতো অবস্থাও নেই।’
রিজভীর বিবৃতি, অবরোধ চলবে: গতকাল সকালে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জনপ্রতিনিধিত্বহীন’ সরকার পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। তিনি বলেন, ‘ভয়ংকর দুঃশাসনের কবল থেকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়াই আমাদের আন্দোলনের উদ্দেশ্য।’
বিএনপি ও ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের উদ্দেশ করে রিজভী বলেন, যে যেখানে যে অবস্থানে আছেন, শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করুন। বিজয় না হওয়া পর্যন্ত সবাইকে এ কর্মসূচি চালিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘প্রতিদিন আমাদের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে। ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা নিজেরা নাশকতা করে বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। এভাবে মামলা দিয়ে গ্রেপ্তার করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন স্তব্ধ করা যাবে না।’