আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার সম্ভাবনার বিষয়টি ধরে নিয়েই নির্বাচনী কৌশল পাল্টাচ্ছে সরকারি দল আওয়ামী লীগ। এ ক্ষেত্রে প্রতিটি সিটি করপোরেশনে মেয়র পদে দলের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় সমর্থন নিয়ে বৈঠকে আলোচনা হয়। আজ সন্ধ্যায় গণভবনে চট্টগ্রামের নেতাদের প্রধানমন্ত্রী ডেকেছেন। ওই বৈঠকে দলের একক প্রার্থী ঘোষণা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, দলীয় নেতা দীপু মনি, জাহাঙ্গীর কিবর নানক, আবদুর রাজ্জাক, ফারুক খান, হাছান মাহমুদ ও এ কে এম রহমতউল্যাহ।
ঢাকার দুই সিটিতে মেয়র পদে সমর্থন দেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। সাঈদ খোকন ঋণখেলাপি হলে তাঁর পরিবর্তে নতুন প্রার্থী নিয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে হাজী সেলিমকে সমর্থন দেওয়ার বিষয়টি আলোচনা হয়। তবে কোনো সিদ্ধান্ত হয়নি।
ঢাকা উত্তরে এ কে এম রহমতউল্যাহকে সমর্থন দেওয়ার প্রস্তাব এলে বৈঠকেই তিনি নির্বাচন করতে অনাগ্রহ দেখান। ফলে আনিসুল হককেই দলীয় সমর্থন দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।
বৈঠকে উপস্থিত এক নেতা বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সমর্থন নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসিরের প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে কথা হয়। সবকিছু বিবেচনা করে আ জ ম নাসিরের পক্ষেই বৈঠকে মত আসে।
বৈঠকে একজন জ্যেষ্ঠ নেতা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, মনে হয় খালেদা জিয়া সিটি নির্বাচনে আসবে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ওনাকে নির্বাচনে আনার জন্যই নির্বাচন দিয়েছেন। এ সময় অন্য একজন নেতা বলেন, প্রার্থী সমর্থনের ক্ষেত্রে খালেদা জিয়া নির্বাচনে এলে এক রকম, আর না এলে আরেক রকম কৌশল নেওয়া দরকার। তখন প্রধানমন্ত্রী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে তিন সিটিতেই কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় সাংসদদের সমন্বয়ে তিনটি নির্বাচনী কমিটি করে দেওয়ার নির্দেশ দেন।