ঢাবি ক্যাম্পাসে গিয়ে হুমকি পাওয়ার অভিযোগ ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ক্যাম্পাসে গিয়ে ছাত্রলীগের হুমকি পাওয়ার অভিযোগ করেছে ছাত্রদল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মাসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত ক ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ছিল আজ শুক্রবার। এই পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ঢাবি ক্যাম্পাসে গিয়েছিল ছাত্রদল।
ছাত্রদলের অভিযোগ, ঢাবি ক্যাম্পাসে তাদের যাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিল। তারা কর্মসূচি শুরু করতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলার হুমকি দেন।
অবশ্য আধঘণ্টা ধরে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে ফুল-কলম বিতরণ কর্মসূচি শেষে নিরাপদেই ক্যাম্পাস ছেড়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
আজ বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষা হয়েছে দেশের আটটি বিভাগের প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে। ঢাকা বিভাগের পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এই পরীক্ষাকে কেন্দ্র করেই ঢাবি ক্যাম্পাসে এসেছিল ছাত্রদল। তারা কলাভবনের মূল ফটকের সামনের রাস্তায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে ফুল-কলম বিতরণ করে। কর্মসূচি শেষে তারা ফুলার রোড হয়ে ক্যাম্পাস ছাড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আজ দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেন ও সদস্যসচিব আমানউল্লাহ আমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকের সামনে আসেন সংগঠনের নেতা-কর্মীরা।
ছাত্রদলের নেতা-কর্মীরা ফুল-কলম হাতে কলাভবনের মূল ফটকের সামনে অবস্থান নিতে গেলে ছাত্রলীগের একদল নেতা-কর্মী সেখানে যান। তাঁরা ছাত্রদলের নেতা-কর্মীদের বলেন, তাঁরা (ছাত্রদল) অভিভাবকদের বিরক্ত করছেন। তাই তাঁদের চলে যেতে বলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতারা তখন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখান থেকে সরে যান।
পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে ছাত্রদলের নেতা-কর্মীরা পরীক্ষা শেষে বের হওয়া ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ফুল-কলম দিয়ে শুভেচ্ছা জানান।
ছাত্রদলের নেতা-কর্মীদের ঢাকা ক্যাম্পাসে যাওয়াকে কেন্দ্র করে আজ ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল বলে দাবি করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেন।
আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘ফুল-কলম দিয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে আমরা ক্যাম্পাসে গিয়েছিলাম। আমরা দুপুর ১২টায় কলাভবনের মূল ফটকে যাই। কিছুক্ষণ পর আমরা ফুল ও কলম হাতে সারিবদ্ধভাবে ফটকের সামনে অবস্থান নিতে গেলে ছাত্রলীগের একদল নেতা-কর্মী দল বেঁধে সেখানে আসেন। তাঁরা আমাদের ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বলেন। বের হয়ে না গেলে তাঁরা আমাদের ওপর হামলা করার হুমকি দেন। প্রক্টরিয়াল টিম আমাদের অসহযোগিতা করেছে। পুলিশও আমাদের চলে যেতে বলে। আমরা বলেছি, ছাত্রদল নিয়মতান্ত্রিক রাজনীতি করে। আমরা সহিংসতায় বিশ্বাস করি না। এই ভীতিকর পরিস্থিতির মধ্যেই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করে ফুলার রোড হয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে আসি।’
ছাত্রদলের অভিযোগের বিষয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পরীক্ষা উপলক্ষে ছাত্রলীগের সব কর্মকাণ্ড ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের সুযোগ-সুবিধাকেন্দ্রিক। অন্যদিকে সামরিক স্বৈরশাসকের সেবাদাস ছাত্রদল শিক্ষার পরিবেশ ও ভর্তি পরীক্ষা বিঘ্নিত করার জন্যই ক্যাম্পাসে এসেছিল। ছাত্ররাজনীতির লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে তারা ক্যাম্পাসে আসেনি। এসেছিল সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে। ছাত্রদলের কর্মসূচি ছিল বিশ্ববিদ্যালয়ের ৩০-৩৫ জন সাবেক শিক্ষার্থীর ১০-১৫ মিনিটের ফটোসেশন। খুনি-দুর্নীতিবাজ-জঙ্গিবাদের সাফাই গাওয়া কি ছাত্ররাজনীতির কোনো দৃষ্টান্ত হতে পারে? তাদের রুখে দাঁড়ানো ও প্রতিহত করাই ছাত্ররাজনীতির দায়িত্ব বলে মনে করি।’
গত ২২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের এক বক্তব্যের পর সংগঠনটির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে গিয়ে দফায় দফায় হামলার শিকার হয় ছাত্রদল।
২ জুন পর্যন্ত ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারেনি। তারা ১২ দিন ক্যাম্পাস থেকে কার্যত ‘বিতাড়িত’ ছিল। তবে ৩ জুন গ ইউনিট ও ৪ জুন খ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে তারা ক্যাম্পাসে ঢুকতে পারে। ওই দুই দিন ছাত্রলীগের কেউ ছাত্রদলকে ক্যাম্পাসে ঢুকতে কোনো ধরনের বাধা দেয়নি। দুই দিনই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ফুল-কলম দিয়ে শুভেচ্ছা জানিয়ে ১৫ মিনিটের মধ্যে ক্যাম্পাস ত্যাগ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
ক ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ক্যাম্পাসে আসে ছাত্রদল। সংগঠনটির আজকের কর্মসূচি ঘিরে ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল হুমকির অভিযোগ আনলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
১ হাজার ৮৫১ আসনের বিপরীতে ক ইউনিটে এবার আবেদন করেছিলেন ১ লাখ ১৫ হাজার ৭১২ জন শিক্ষার্থী। সেই হিসাবে প্রতি আসনের জন্য লড়েছেন ৬২ জন। তবে ঠিক কতসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন, সেই তথ্য এখনো পাওয়া যায়নি।
ক ইউনিটের পরীক্ষা চলাকালে কার্জন হল কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রশ্নপত্রের মান ও ব্যবস্থাপনা নিয়ে সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা যে খবর পেয়েছি, সে অনুযায়ী সেখানেও যথাযথভাবে পরীক্ষা পরিচালনা করা হয়েছে।’
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের পক্ষ থেকেও নানা কর্মসূচি ছিল। এগুলোর মধ্যে ছিল ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে স্থাপিত শিক্ষার্থী-সহায়তা ও তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ। শিক্ষার্থীদের পরিবহনের সুবিধার্থে বিনা মূল্যে ‘জয় বাংলা বাইক সার্ভিস’-এর ব্যবস্থা। ছাউনির মাধ্যমে অভিভাবকদের বিশ্রামের সুব্যবস্থা। ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা। সুপেয় পানির ব্যবস্থা। পরীক্ষাকেন্দ্রে নেওয়ার অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ারসহ প্রয়োজনীয় সুবিধা প্রদান। তাৎক্ষণিক চিকিৎসাসেবার জন্য প্রাথমিক চিকিৎসাকেন্দ্র গঠন। মাস্ক বিতরণ। কলমসহ আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ।
ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ অন্যান্য ছাত্রসংগঠনের পক্ষ থেকে অস্থায়ী তথ্যকেন্দ্র স্থাপন করে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের তথ্যসেবা দেওয়া হয়।