পুলিশের সাম্প্রতিক বেপরোয়া আচরণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, গতকালও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘পুলিশ সব সময় ভালো কাজ করে।’ এ ধরনের ঢালাও লাইসেন্স দেওয়ার ফলেই তারা (পুলিশ) সীমা অতিক্রম করেছে।
চাঁদা না পেয়ে এক চা-বিক্রেতাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়াসহ সম্প্রতি পুলিশি নিপীড়নের কয়েকটি ঘটনার উল্লেখ করে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ এসব কথা বলেন। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এই সভার আয়োজন করা হয়।
পুলিশি কর্মকাণ্ডে নাগরিক সমাজের নীরব ভূমিকার সমালোচনা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আজকের বাংলাদেশ দুঃশাসনের প্রতিচ্ছবি। এ দেশ এখন “পুলিশ স্টেট”। চা-দোকানি বাবুল মিয়া যেভাবে নিহত হয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক। কোথায় আজ দেশের সেই সুশীল সমাজ? তাঁদের কোনো প্রতিবাদ দেখি না।’
হাফিজউদ্দিন আরও বলেন, পুলিশ বাহিনী বেপরোয়া অবস্থায় দাঁড়িয়েছে, যেহেতু তারা একটি দলের পুলিশ বাহিনী। তাদের রাজনৈতিক কাজে নিয়োগ করা হচ্ছে। অথচ পুলিশ বাহিনী এ রকম ছিল না। তাদের ভালো কাজ করার ঐতিহ্য রয়েছে।
‘কাশ্মীরে জাতিসংঘের ভূমিকা ও দক্ষিণ এশিয়ায় শান্তির বাধাসমূহ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে অল কমিউনিটি ফোরাম নামের একটি সংগঠন।
হাফিজউদ্দিন বলেন, দেশে যদি গণতন্ত্র না থাকে প্রতিটি রাজনৈতিক দল ধীরে ধীরে অস্তিত্ব হারিয়ে ফেলবে। যেখানে গণতন্ত্র নেই, সেখানে আফগানিস্তান ও কাশ্মীরের মতো অবস্থা হতে বাধ্য।
উন্নয়নের ধোঁয়া তুলে গণতন্ত্রকে আচ্ছন্ন করার চেষ্টা : বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, সরকার উন্নয়নের ধোঁয়া তুলে গণতন্ত্রকে আচ্ছন্ন করার প্রচেষ্টায় রত।
মঈন খান বলেন, ‘মানুষ সরকারের তথাকথিত উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে। কিন্তু একটু গভীরে গেলে আমরা দেখতে পাচ্ছি, যে উন্নয়ন হচ্ছে তা ফাঁকা বুলি। এ ফাঁকা বুলি দিয়ে হয়তো স্ট্যাটিস্টিক (পরিসংখ্যান) সাজিয়ে-গুছিয়ে বাহবা নেওয়া যেতে পারে, তাতে দেশের মানুষের কোনো কল্যাণ হতে পারে না। কেননা, গণতন্ত্র ছাড়া উন্নয়ন কখনো টেকসই হতে পারে না।’
বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রের মূল উপাদান হলো ভোটাধিকার। বিগত ১০টি বছর ধরে ভোটাধিকার হরণ করে নিয়ে তথাকথিত নির্বাচনের নামে একটি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে আচ্ছন্ন করে ফেলা হয়েছে।
জিয়া মঞ্চ এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।