ঢিলেঢালা হরতাল, মাঠে ছিলেন না নেতা-কর্মীরা

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা গতকাল সোমবারের হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। ঢাকাসহ সারা দেশে হরতালের চিত্র ছিল প্রায়ই একই রকম। হরতাল চলাকালে বিএনপি বা জোটের নেতা-কর্মীদের খুব একটা মাঠে দেখা যায়নি। হরতালের সমর্থনে উল্লেখযোগ্য কোনো তৎপরতাও ছিল না।
রাজধানীতে বিএনপির ছাত্রদল ও মহিলা দলকে অলি-গলিতে কয়েকটি ঝটিকা মিছিল করতে দেখা গেছে। তবে পুলিশ আসার সঙ্গে সঙ্গে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সড়কে সব ধরনের যানবাহনই দেখা গেছে, তবে অন্যান্য দিনের তুলনায় কম ছিল। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি সবচেয়ে কম দেখা গেছে।
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে এনে সংবিধান সংশোধনীর প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট দেশব্যাপী এই সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর এটাই বিএনপি জোটের প্রথম হরতাল। সারা দেশে হরতালের সমর্থনে নেতা-কর্মীদের তেমন উপস্থিতি না থাকলেও বিএনপি দাবি করছে, হরতাল সফল হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে।
সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে, হরতাল চলাকালে পুলিশ ও সরকারদলীয়দের হামলায় বিভিন্ন স্থানে ৩২ জন আহত হয়েছে। সারা দেশে বিএনপিসহ ২০-দলীয় জোটের ৩৫৩ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর কমিটি ছিল নিষ্ক্রিয়: গতকালের হরতাল নবগঠিত ঢাকা মহানগর বিএনপির কমিটির জন্যও ছিল চ্যালেঞ্জের। কেননা এই
কমিটি গঠনের পর বিএনপির ডাকা এটাই প্রথম হরতাল। তবে এই কমিটির নেতাদের সেভাবে মাঠে দেখা যায়নি। হরতাল ডেকে মাঠে না থাকার কারণে এর আগে সাদেক হোসেন খোকার নেতৃত্বাধীন বিএনপির মহানগর কমিটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল।
নতুন কমিটির আহ্বায়ক মির্জা আব্বাসকে গতকাল কোথাও দেখা যায়নি। সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে সকালে ২৫-৩০ জনের একটি দল তাঁর বাসার কাছে সিদ্ধেশ্বরী এলাকায় একটি ঝটিকা মিছিল করে। তবে মিছিলটি মূল সড়কে যায়নি। তারা ছিল ভিকারুন্নিসা নূন স্কুলের আশপাশের সড়কে। গণমাধ্যমের কর্মীরা ছবি তোলার পর মিছিলও শেষ হয়ে যায়। এ ছাড়া মহানগর কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা আর কাউকে দেখা যায়নি।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ সকাল থেকেই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। তবে তাঁরা বাইরে আসতে পারেননি। কার্যালয়ের ফটকে দিনভর পুলিশের অবস্থান ছিল। দুপুরের দিকে বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় চারজন যুবককে আটক করে নিয়ে যায় পুলিশ। তবে এরা কেউই রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে পরে পুলিশ জানিয়েছে।
হরতালে জাতীয়তাবাদী মহিলা দলের ১৩ জন সদস্য নয়াপল্টন এলাকায় একটি মিছিল করেন। এ ছাড়া এই এলাকায় বিএনপির আর কোনো তৎপরতা ছিল না।
তবে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়, কলাবাগান, শাহবাগ, পান্থপথ, মতিঝিল, কাঁটাবনসহ কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেছে। শাহবাগে ছাত্রদলের চারজনকে আটক করে পুলিশ।
জামায়াত-শিবিরসহ ২০-দলীয় জোটের বাকি শরিক দলগুলোর কাউকে ঢাকার কোথাও দেখা যায়নি।
কয়েকটি স্থানে ধরপাকড়: প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও অফিসে পাঠানো খবর অনুযায়ী, রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় হরতালের আগের রাত থেকে গতকাল পর্যন্ত মোট ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, হরতালে নাশকতা চালাতে পারে এমন আশঙ্কা থেকে এসব ধরপাকড় চালানো হয়েছে।
বাগেরহাটে পুলিশের বাধার মুখে মিছিল করতে গেলে গতকাল মিছিল থেকে জামায়াত ও ছাত্রদলের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন বাগেরহাট সদর উপজেলার কাটাখালী গ্রামের মোকলেছুর রহমান (৬৫) ও শ্রীঘাট এলাকার শওকাত হোসেন (৫৫) এবং দেওয়ানবাটী এলাকার রিয়াজ (২১) ও জাফর (২১)।
এর আগে শনিবার গভীর রাত থেকে রোববার ভোররাত পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন স্থান থেকে বিএনপি, জামায়াত ও ছাত্র শিবিরের ১৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
সাতক্ষীরায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহীনসহ বিএনপি-জামায়াতের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলা শহরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত চার দিনে সাতক্ষীরা জেলায় বিএনপি ও জামায়াতের ৬৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলো।
কুষ্টিয়া জেলায় রোববার সন্ধ্যা থেকে গতকাল ভোর পর্যন্ত চালানো অভিযানে ৪৬ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে বিএনপির ১৪ জন ও জামায়াতের ছয়জন। বাকি ২৬ জন বিভিন্ন মামলার আসামি বলে জানায় পুলিশ।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়ন জামায়াতের নেতা নূর রহমান ও চরফলকন ইউনিয়নের শিবিরের নেতা বাহার উদ্দিনকে গতকাল দুপুরে গ্রেপ্তার করা হয়।