ঢিলেঢালা হরতাল, যানবাহন স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের ডাকা হরতাল চলাকালে রাজধানীর ফার্মগেট এলাকার চিত্র। ছবিটি আজ দুপুর সাড়ে ১২টায় তোলা। ছবি: মনিরুল আলম
জামায়াতের ডাকা হরতাল চলাকালে রাজধানীর ফার্মগেট এলাকার চিত্র। ছবিটি আজ দুপুর সাড়ে ১২টায় তোলা। ছবি: মনিরুল আলম

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা আজ বৃহস্পতিবারের হরতাল রাজধানীতে ঢিলেঢালাভাবে চলছে। নগরের রাজপথগুলোতে সকাল থেকে উল্লেখযোগ্য সংখ্যক যানবাহনের উপস্থিতি দেখা যাচ্ছে। ব্যক্তিগত গাড়িও প্রচুর চলাচল করছে। সকালে ফার্মগেট এলাকা, মতিঝিলের দিলকুশা অফিসপাড়ায় সব ধরনের যানবাহনের আধিক্য দেখা যায়।

হাটখোলা, মতিঝিল, আরামবাগ, ফকিরের পুলসহ বিভিন্ন এলাকায় প্রধান সড়কের পাশের কিছু দোকানপাটও খোলে। বিভিন্ন ব্যাংকের শাখাগুলোতে সদর দরজা খোলা দেখা যায়।

বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অ্যাম্বুলেন্সের পাশাপাশি নিজস্ব যানবাহনে কার্যালয়ে আসেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ে প্রচুর গাড়ি দাঁড়ানো অবস্থায় দেখা যায়।
তবে রাজধানী থেকে দূরপাল্লার বাসগুলো আজ সকালেও ছেড়ে যায়নি। আবদুল্লাহপুর, মিরপুর-গুলিস্তান, যাত্রাবাড়ী, শ্যামপুর, কাঁচপুর রুটের অভ্যন্তরীণ বাস চলাচল করছে। ধামরাই, মানিকগঞ্জ, পাটুরিয়াঘাট এলাকায় কিছু বাস চলাচল করছে।
ট্রেনের সময়সূচি সকাল থেকে ঠিক ছিল। কমলাপুর স্টেশন ব্যবস্থাপক খায়রুল বশীর প্রথম আলোকে বলেন, সকালে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী, সিলেটগামী পারাবত, কিশোরগঞ্জের এগারসিন্ধুর, জামালপুরগামী তিস্তা, রংপুরগামী রংপুর এক্সপ্রেস যথাসময়ে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায়। যাত্রীসংখ্যা ছিল প্রায় স্বাভাবিক।
দক্ষিণবঙ্গ ও চাঁদপুর থেকে পর্যাপ্তসংখ্যক লঞ্চও সদরঘাটে ভেড়ে এবং কিছু লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।