ঢিলেঢালা হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল ডেকে মাঠে ছিলেন না জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ স্থানে গতকাল বৃহস্পতিবার হরতালে তেমন কোনো প্রভাবই পড়েনি। দূরপাল্লার যানবাহন ছেড়ে না গেলেও অভ্যন্তরীণ গাড়ি চলাচল ছিল স্বাভাবিক। ট্রেনও চলেছে। সকালের দিকে কিছু দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব ব্যবসাপ্রতিষ্ঠান খুলে যায়।
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর, যশোরের বেনাপোল স্থলবন্দর ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কার্যক্রম ছিল স্বাভাবিক। এসব বন্দরে আমদানি-রপ্তানির পণ্য ওঠানামা করেছে। তবে ব্যবসায়ীরা বলেছেন, বন্দরে পণ্য খালাস করা গেলেও মালামাল পরিবহনের জন্য দূরপাল্লার কোনো যানবাহন পাওয়া যায়নি।
হরতালে কয়েকটি জেলা ও উপজেলায় জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তাঁরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেননি। ঢিলেঢালা হরতালে দেশের সার্বিক পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়। আগামী রোববারও হরতালের কর্মসূচি রয়েছে।
নিজস্ব প্রতিবেদক জানান, হরতালে রাজধানীর সার্বিক পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ। শুধু মিরপুরের দু-এক জায়গায় হরতাল-সমর্থকেরা যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় শিবিরের দুই কর্মীকে আটক করে পুলিশ। বেগম রোকেয়া সরণি থেকে বেলা ১১টার দিকে ঝটিকা মিছিল বের করেন হরতালকারীরা। মিছিলটি মিরপুর ১০ নম্বর গোলচত্বরের দিকে আসার পথে দু-তিনটি বাসে ভাঙচুর চালায়।
হরতালে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। রাস্তায় প্রাইভেট কার বের হয়নি বললেই চলে। নগর পরিবহনের বাস চলাচলও ছিল কম। গাবতলী বাস টার্মিনালে ৮ নম্বর বাসের কর্মীরা জানান, প্রচুর বাস স্ট্যান্ডে পড়ে থাকলেও যাত্রীর অভাবে সেগুলো পথে নামেনি। তিনটি আন্তজেলা বাস টার্মিনাল থেকেও কোনো দূরপাল্লার বাস ছাড়েনি। তবে ঢাকার পার্শ্ববর্তী ধামরাই, মানিকগঞ্জ, আরিচা, পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশে কিছু বাস ছেড়েছে। দুপুরের পর দূরপাল্লার বাসও ছাড়তে শুরু করে। তবে যাত্রী ছিল কম।
পুরানা পল্টনে জামায়াতের কার্যালয়কে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিল র্যাব-পুলিশ। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনেও পুলিশের সতর্ক অবস্থান ছিল। বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ের আশপাশে হরতালবিরোধী মিছিল করে ক্ষমতাসীন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
সিলেটে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। হরতাল-সমর্থকেরা সকাল সাড়ে ১০টার দিকে শহরতলির টুকেরবাজার বালাউড়া এলাকায় মিছিল বের করলে পুলিশ ও বিজিবির সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। পরে অতিরিক্ত বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়। এদিকে সিলেট নগরের বালুরচর টিভি গেট এলাকায় পিকেটারদের ধাওয়ায় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিনজন যাত্রী আহত হন।
সংঘর্ষ হয়েছে রাজশাহীতেও। নগরের ভাটার মোড়ে সকালে পুলিশ ও শিবিরের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া নগরের ডিঙ্গাডোবা মোড়েও পুলিশ ও শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেখানেও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
রাজশাহী র্যাব-৫-এর এএসপি মির্জা গোলাম সারোয়ার জানান, র্যাব বুধবার রাতে চারঘাট থানার ভাটাপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করেছে। এ ছাড়া নগরের বুধপাড়া কবরস্থানের পাশ থেকে উদ্ধার করা হয় ২২টি ককটেল ও এক কেজি গানপাউডার। হরতালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব মজুত করা হয়েছিল বলে তিনি ধারণা করছেন।
সড়ক অবরোধের চেষ্টা চালালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরে রাবার বুলেট ছুড়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয় র্যাব। জয়পুরহাট সদরে রাস্তায় টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করলে পুলিশ দেখে পালিয়ে যান হরতাল-সমর্থকেরা। পিরোজপুর শহর, সাঈদীর বাড়ি জিয়ানগর উপজেলাসহ জেলার কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। যশোর, রংপুর, চট্টগ্রামের সাতকানিয়া ও বগুড়ার দুপচাঁচিয়ায়ও কোনো পিকেটিং হয়নি।
বুধবার রাতে ও গতকাল হরতাল চলাকালে সাতক্ষীরায় ১৮ জন, লক্ষ্মীপুরে ১২, বরিশালের গৌরনদীতে ৫, বগুড়ার দুপচাঁচিয়ায় পাঁচজনসহ সাত জেলায় প্রায় ৫০ জন আটক হয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির ফারুক হোসাইন নূর নবী, সিলেটের জৈন্তাপুর উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. এনামুল হক, মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুর রাজ্জাক ও পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মো. জাকির হোসেন।
{প্রতিবেদন তৈরিতে তথ্য পাঠিয়ে সহায়তা করেছেন ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, রংপুর, সাতক্ষীরা, রাজশাহী ও সিলেট; যশোর অফিস; জয়পুরহাট, মাগুরা, লক্ষ্মীপুর, পঞ্চগড়, গাইবান্ধা, দুপচাঁচিয়া (বগুড়া), মঠবাড়িয়া (পিরোজপুর), পাটগ্রাম (লালমনিরহাট), সাতকানিয়া (চট্টগ্রাম) ও গৌরনদী (বরিশাল) প্রতিনিধি}