তত্ত্বাবধায়ক সরকার গোরস্থানে, আর ফিরবে না: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কিসের তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার। ওটা মারা গেছে। বনানী গোরস্থানে চলে গেছে। ওটা আর কোনো দিন ফিরে আসবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, শেখ হাসিনার অধীনেই হবে।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় চার নেতার নৃশংসতম জেলহত্যা দিবস স্মরণে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় নাসিম এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশনও সংবিধান অনুযায়ী হবে। সংবিধানে যেভাবে লেখা আছে, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন, সেভাবেই হবে। রাষ্ট্রপতি ইচ্ছা করলে সবার সঙ্গে আলোচনা করবেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাংসদ সিমিন হোসেন তাঁর বাবা তাজউদ্দীন আহমদকে হত্যা এবং এর পরবর্তী ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘জাতীয় চার নেতাকে হত্যা করার পর কী দুঃসহ বেদনার মধ্যে দিয়ে আমরা দিন কাটিয়েছি, তা বোঝানো সম্ভব না। একমাত্র মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার কারণেই তাঁদের হত্যা করা হয়।’