নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান সংকটের সমাধানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় গণসংহতি আন্দোলন
ছবি: সংগৃহীত

বিদ্যমান স্বৈরতান্ত্রিক ক্ষমতাকাঠামো বহাল রাখলে কেবল তত্ত্বাবধায়ক ব্যবস্থা সমাধান আনবে না—অতীতের তত্ত্বাবধায়ক ব্যবস্থা সেটি প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

বৃহস্পতিবার হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘রাজনৈতিক সংকট উত্তরণের রূপরেখা ও করণীয়: সুষ্ঠু নির্বাচনব্যবস্থা ও নির্বাচন কমিশন পুনর্গঠন এবং গণতান্ত্রিক আন্দোলনের বৃহত্তর ঐক্য’ শীর্ষক সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি বলেন, বিদ্যমান স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বদলের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। রাজনৈতিক দলগুলোর আস্থা তৈরি করে পরবর্তী তিনটি জাতীয় নির্বাচনও অন্তর্বর্তী সরকারের অধীনে করতে হবে।

অন্তর্বর্তী সরকারের কাঠামো কেমন হবে, তা ঐকমত্যের ভিত্তিতে নির্ধারণ করতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মডেলকে বিবেচনায় নেওয়া যেতে পারে উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, ‘ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে বৃহত্তর ঐক্যের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।’

জোনায়েদ সাকি বলেন, ‘এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করবে। তারা ইভিএম ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণের ব্যবস্থাও করবে।’

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার প্রমুখ।