তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওদুদ আহমদ। ফাইল ছবি
মওদুদ আহমদ। ফাইল ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রেখে বর্তমান ‘ফ্যাসিবাদী’ সরকার যতই ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করুক, বিএনপি তা সফল হতে দেবে না। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এর মাধ্যমে বর্তমান ‘স্বৈরাচারী’ ও ‘ফ্যাসিবাদী’ সরকারকে দমন করতে হবে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার এক অনুষ্ঠানে মওদুদ আহমদ এ মন্তব্য করেন। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে ‘জিয়া আদর্শ একাডেমি’ নামের একটি সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে।

সাবেক মন্ত্রী মওদুদ আহমদ আরও বলেন, আমাদের গভীরভাবে চিন্তা করে দেখতে হবে যে খালেদা জিয়াকে জেলখানায় রেখে নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপি নির্বাচনে অংশ নিতে পারবে কি না। সরকারকে বিএনপির দেওয়া শর্তগুলো মানতে হবে। সরকারকে বাধ্য করা হবে জাতীয় ঐক্যের মাধ্যমে নির্দলীয় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে। তাহলে এই বাংলাদেশে আবার সুষ্ঠু গণতন্ত্র ফিরে আসবে।

মওদুদ আহমদ বলেন, নির্বাচনের আর মাত্র আড়াই মাস সময় আছে। তার আগে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিতে হবে। বিচার বিভাগ ও আইন বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। বিতর্কিত নির্বাচন কমিশন পরিবর্তন করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এরপর বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।

মওদুদ আহমদ বলেন, বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলো অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পরামর্শ দিলেও বর্তমান ‘স্বৈরাচারী’ সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মিথ্যা’ মামলা দিয়ে জেলে আটকে রেখেছে। তারা আবারও ক্ষমতায় বসতে নীলনকশা তৈরি করে ফেলেছে।

কোটা আন্দোলন বিষয়ে মওদুদ আহমদ বলেন, এই আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই। ১১ এপ্রিল প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে বললেন যে কোটা থাকবে না। আবার ২৭ জুন বললেন কোটা থাকবে। তিনি বলেন, এই গ্রেপ্তার বন্ধ করুন। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তি দিন। এই শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধ করুন। যদি না করেন, তাদের যে আন্দোলন দেখেছেন এর চেয়ে বৃহত্তর আন্দোলন এই শিক্ষার্থীরা করবে এবং দেশের জনগণ তাদের থেকে বিচ্ছিন্ন থাকবে না।