তত্ত্বাবধায়কের মতো কোনো সরকারও আসবে না: তোফায়েল

যেকোনো নামের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব নাকচ করে দিলেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।
তোফায়েল আহমেদ খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনি দাবি করেন। করতে পারেন। তবে, কোনো দিন আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। তত্ত্বাবধায়কের মতো কোনো সরকারও ফিরে আসবে না। আপনাকে নির্বাচন করতে হলে শেখ হাসিনার অধীনেই নির্বাচন করতে হবে। সেটাও ২০১৯ সালে হবে। আপনি চেষ্টা করতে পারেন। আপনার আন্দোলন অতীতে সফল হয় নাই। ভবিষ্যতেও হবেও না।’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল বলেন, ‘বেগম খালেদা জিয়া রাজনীতির হিসাব মানেন না। তিনি ২০১৩ সাল থেকে অনবরত আন্দোলন করে অনেক মা-বাবার কোল খালি করেছেন। ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। কারণ তিনি নির্বাচন করবেন না। পাঁচটি সিটিতে জয়ী হয়েও জাতীয় নির্বাচন করেন নাই। শেখ হাসিনার লক্ষ্য নির্ধারিত, তিনি সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন করবেন, করেছেন। নির্বাচন না হলে আজকে বাংলাদেশে সামরিক শাসন থাকত।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘ নতুন করে খালেদা জিয়া নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। নির্বাচনের বাস যখন ছেড়ে গেছে, এরপর সেটাকে ফিরিয়ে আনার প্রয়োজন বোধ করে নাই। তাদের (বিএনপি) প্রতি আমাদের আহ্বান, সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসুন। সাম্প্রদায়িক-ধর্মীয় রাজনীতি ছাড়ুন।’ তিনি বলেন, রাজনীতিতে ঐতিহাসিক ক্রান্তিকাল চলছে। বিএনপি-জামায়াতের নেতৃত্বে একটা উগ্রবাদি-জঙ্গিবাদী দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে তৎপর। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এখন হুমকির সম্মুখীন।
ন্যাপের প্রেসিডিয়াম সদস্য আমেনা আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ন্যাপের ইসমাঈল হোসেন প্রমুখ।