তথাকথিত পৌর নির্বাচন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশে তথাকথিত পৌর নির্বাচন হচ্ছে’ মন্তব্য করে বিএনপির নেতারা বলেছেন, তাঁরা নিশ্চিত যে ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের মতোই ৩০ ডিসেম্বর আরেকটি প্রহসনের নির্বাচন হবে। 

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও হাফিজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘প্রতিদিনই ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন। কিন্তু সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের কোনো মাথাব্যথা নেই। নিশ্চিতভাবে বলতে পারি, এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। আবারও ৫ জানুয়ারির মতো প্রহসনের নির্বাচন হবে।’ তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের ঘোষণা জিয়াউর রহমান না দিয়ে দেওয়ার কথা ছিল আওয়ামী লীগের। আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় কমিটি, আওয়ামী লীগের কোনো নেতৃত্ব এ কথা দালিলিকভাবে বলতে পারবে না, তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের স্বপক্ষে। তারা চেয়েছিল একটি নির্বাচন করে মেজরিটি হয়ে আওয়ামী লীগের কর্তৃত্ব এবং মন্ত্রিসভা গঠন করা। তার জন্যই ভূট্টো, ইয়াহিয়ার সঙ্গে বৈঠক করেন শেখ মুজিবুর রহমান। তিনি বৈঠক করেছেন কীভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়।’

নোমান বলেন, ১৯৭১ সালের ৩ মার্চ যদি পাকিস্তানের পার্লামেন্ট বসত, তাহলে লিডার অব দ্য হাউস হতেন শেখ মুজিবুর রহমান এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। এটা ছিল সোজা পথ। কিন্তু এতে জিয়াউর রহমান বাদ সাধলেন। এই রাজনৈতিক শূন্যতা দেখে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকারদলীয় এমপি-মন্ত্রীরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করলেও কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এরা নতজানু।