তথ্য উপদেষ্টার সমাবেশস্থলে আ.লীগের শোকসভা
পিরোজপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে প্রধান অতিথি করে ডাকা সমাবেশস্থলে জেলা আওয়ামী লীগ শোকসভা আহ্বান করেছে। এ অবস্থায় আজ বৃহস্পতিবার পিরোজপুর প্রেসক্লাব তথ্য উপদেষ্টার সমাবেশ স্থগিত করেছে।
পিরোজপুর প্রেসক্লাব ও টাউন ক্লাব সূত্রে জানা গেছে, প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আজ বিকেলে শহরের টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে সমাবেশ ডাকা হয়। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রধান অতিথি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুলকে প্রধান বক্তা হিসেবে সমাবেশের পোস্টার ছাপানো হয়। এরপর সমাবেশের অনুমতি চেয়ে পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে টাউন ক্লাবের সদস্যসচিবের কাছে আবেদন করা হয়। একই স্থানে একই সময়ে প্রয়াত আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান সিকদারের শোকসভার জন্য টাউন ক্লাব কর্তৃপক্ষের কাছ আবেদন করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাকিম হাওলাদার।
প্রেসক্লাবের সভাপতি শফিউল হক বলেন, ‘সাংবাদিক নির্যাতনের ঘটনায় ১৫ ফেব্রুয়ারি প্রেসক্লাবের সভায় সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয় এবং শহরে পোস্টার সাঁটানো হয়। আওয়ামী লীগের নেতা আজিজুর রহমান মারা যান ২৫ ফেব্রুয়ারি। তাঁর শোকসভার জন্য আবেদন করা হয় আমাদের পরে।’
সহসভাপতি হাকিম হাওলাদার বলেন, শোকসভার জন্য তিনি ২৭ ফেব্রুয়ারি টাউন ক্লাব কর্তৃপক্ষের কাছে মাঠ চেয়ে আবেদন করেছিলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার পিরোজপুর সফরের তারিখ ও সমাবেশের স্থান সম্পর্কে জানতেন না।
টাউন ক্লাবের সদস্যসচিব আলাউদ্দিন খান বলেন, ‘বৃহস্পতিবার টাউন ক্লাব মাঠে সমাবেশ ও শোকসভা করার দুটি আবেদন পেয়েছি। এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’ সাংবাদিক শফিউল হক জানান, উদ্ভূত পরিস্থিতিতে সমাবেশ স্থগিত করা হয়েছে। ১৩ মার্চ তাঁরা সমাবেশ করবেন।
এদিকে জেলা ছাত্রলীগ গত মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি জহিরুল হকের বিরুদ্ধে মিছিল বের করেন। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক জহিরুল হকের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা ৯ মার্চের মধ্যে তুলে না নিলে ওই দুই সাংবাদিককে পিরোজপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
জেলা ছাত্রলীগের সভাপতি হাসান আম্মান বলেন, ‘জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বিরসহ ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছি।’
১৪ ফেব্রুয়ারি রাতে শহরের পুরোনো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক জহিরুল হকের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি জহিরুল বাদী হয়ে ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদকে প্রধান আসামি করে সাংবাদিক আরিফ মোস্তফা, সেলিম আহমেদসহ ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।