তথ্যমন্ত্রীর বক্তব্য ইভিএমের মতো: রিজভী
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ অনর্গল ‘মিথ্যার বেসাতি’ করে যাচ্ছেন বলে অভিযোগ করে বিএনপির নেতা রুহুল কবির রিজভী বলেছেন, নিজেদের পাহাড়সম অপকর্মের দিকে না তাকিয়ে অনর্গল মিথ্যার বেসাতি বিএনপির ওপর চাপিয়ে যাচ্ছেন তথ্যমন্ত্রী।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
যা কিছু ঘটে, সেটাকে বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগ করে রিজভী বলেন, ‘তথ্যমন্ত্রী যেন আওয়ামী লীগের ইভিএমের ন্যায় ভূমিকা পালন করছেন, যেমন আওয়ামী লীগের ইভিএমে আপনি যদি ধানের শীষে ভোট দেন, ওটা চলে যাবে নৌকায়। ঠিক তথ্যমন্ত্রীর বক্তব্যও সেই রকম। যে প্রতীকে বোতামে (ইভিএম) চাপ দেওয়া হোক না কেন, তা যেমন নৌকায় চলে যায়, তেমনি সারা দেশে নিজেদের পাহাড়সম অপকর্মের দিকে না তাকিয়ে অনর্গল মিথ্যার বেসাতি করে যাচ্ছেন তথ্যমন্ত্রী।’
এ সময় রুহুল কবির রিজভী গত বুধবার রাতে সিরাজগঞ্জের বেলকুচিতে যুবদল নেতা আকবর আলীকে হত্যার ঘটনা তুলে ধরেন। তিনি দাবি করেন, স্থানীয় আওয়ামী সন্ত্রাসী সেলিম ও মাসুদ গুলি করে আলী আকবরকে হত্যা করেছেন। তিনি বলেন, ‘তথ্যমন্ত্রীকে বলতে চাই, এভাবে সারা দেশে নিজেদের দিয়ে বিএনপির নেতা–কর্মীদের হত্যা করা হচ্ছে, এটা কোন উন্নয়নের কাজ?’
৫ ফেব্রুয়ারি প্রতিবাদ কর্মসূচি
এদিকে বেলকুচি থানার সায়েদাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলী আকবর হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবিতে ৫ ফেব্রুয়ারি সারা দেশে জেলা ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সেখানে যুবদলের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি মোরতাজুল করিম, কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম, এস এম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।