তথ্য-উপাত্ত ছাড়া ইসিকে ব্যর্থ বলেছে বিএনপি: আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি কোনো তথ্য-উপাত্ত ছাড়াই বলেছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সুনামগঞ্জ-২ উপনির্বাচন শেষে দলটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মধ্যে সব সময় একটা নেতিবাচক চিন্তা কাজ করে। তাদের লক্ষ্যই হলো, নির্বাচনে পরাজয় হলে যেন কথা তুলতে পারে।
হানিফ বলেন, উৎসবমুখর ভোট গ্রহণের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে যে তাদের দল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে। ফলাফল যা-ই হবে, তা আওয়ামী লীগ মেনে নেবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বদ্ধপরিকর। এই নির্বাচন পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে সব রকম সহায়তা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আবদুস সোবহান (গোলাপ), অসীম কুমার উকিল, দেলোয়ার হোসেন, শামসুন নাহার, বিপ্লব বড়ুয়া, রিয়াজুল কবির কাওছার প্রমুখ।