চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উদ্ধার করা শিশুর লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। হাসপাতালের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরাতেও লাশ কীভাবে সেখানে এল, তা ধরা পড়েনি। এ ঘটনায় কোনো মামলা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি খতিয়ে দেখতে কোনো তদন্ত কমিটি গঠন করেনি।
গত শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের মূল ভবনের চতুর্থ তলায় জুতা রাখার তাক থেকে তোয়ালে জড়ানো দেড় বছর বয়সী মেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, শিশুর মরদেহটি কীভাবে এল তা বের করার জন্য অস্ত্রোপচার কক্ষের বাইরে থাকা একটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কিন্তু ওই ক্যামেরায় জুতা রাখার তাকটি দেখা যায় না।
হাসপাতাল সূত্র জানায়, প্রধান ফটকসহ কয়েকটি স্থানে সিসি ক্যামেরা থাকলেও তার বেশির ভাগই বিকল।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, লাশের দাবি নিয়ে কেউ পুলিশের কাছে আসেনি। এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্ত প্রতিবেদন এলে বোঝা যাবে।