তনু হত্যা থেকে দৃষ্টি ভিন্ন খাতে নিতে শফিক রেহমানকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ও তনু হত্যার ঘটনা নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা ভিন্ন খাতে নিতে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাঁদের জানামতে, শফিক রেহমান বা মাহমুদুর রহমান প্রধানমন্ত্রীর ছেলেকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের সঙ্গে কোনোভাবেই জড়িত নন।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই দাবি করেন। শফিক রেহমান, মাহমুদুর রহমান, শওকত মাহমুদসহ রাজনীতিবিদদের মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি-জোটের শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামানের নেতৃত্বাধীন অংশ ওই আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল আরও বলেন, শফিক রেহমান ও মাহমুদুর রহমানের পাশাপাশি বিএনপির প্রতিও চক্রান্তের অভিযোগ নিয়ে এসেছে আওয়ামী লীগ। এটা তাদের ‘নার্ভাসনেসের’ অংশ। বিএনপি কখনো চক্রান্ত করেনি, করে না।
সরকার যখন কোনো ঘটনা ঘটিয়ে বিপদে পড়ে, তখনই তারা জনগণকে বিভ্রান্ত করতে আরেকটি ঘটনা সামনে আনে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ও তনু হত্যা নিয়ে সারা দেশের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ক্ষোভ যখন রাজপথে বেরিয়ে এসেছে, তখন দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে শফিক রেহমানের ঘটনা সরকার সামনে এনেছে। তিনি বলেন, ‘বেশি বাড়াবাড়ি করো না’—গণতন্ত্রকামী মানুষের প্রতি এই বার্তা দিতেই শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এখন ভিন্নমত শোনা হয় না অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, এত দিন এটা ছিল বিএনপির ওপর, এখন মাহ্ফুজ আনামও বাদ পড়েন না। তাঁর নামে ৮৬টি মামলা দেওয়া হয়েছে।
এর আগে সকালে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, রিমান্ডে নিয়ে শফিক রেহমানের সঙ্গে কী আচরণ করা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি কী বলবেন, তা তাঁরা জানেন না।