তফসিল ঘোষণার আগেই নৌকা মার্কার প্রচারপত্র
তফসিল ঘোষণা ও দলীয়ভাবে প্রার্থী বাছাইয়ের আগেই বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রচারপত্র ছাপিয়ে নৌকা মার্কায় ভোট ছাইছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন ওরফে বাবলু।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী এই নেতার ছাপানো নৌকা মার্কার বেশ কিছু ছোট পোস্টার-স্টিকার শোভা পাচ্ছে উপজেলা সদর ও মাঝিড়া বন্দরের বিভিন্ন দেয়াল, বিদ্যুতের খুঁটি, সড়কের মাইলপোস্টসহ বিভিন্ন দোকানে।
বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রথম আলোকে বলেন, শাজাহানপুর উপজেলায় ইউপি নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। এ কারণে দলীয়ভাবে এখনো প্রার্থী বাছাই শেষ হয়নি। প্রাথমিকভাবে জেলা কমিটি থেকে মনোনয়নপ্রত্যাশীদের নামের তালিকা কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে। এখন যাচাই-বাছাই করে দলীয় সভানেত্রী প্রার্থী তালিকার চূড়ান্ত অনুমোদন দেবেন। দলীয় সভানেত্রী অনুমোদন দেওয়ার আগেই কেউ নিজেকে প্রার্থিতা ঘোষণা দিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচারণা চালালে সেটা অতি উৎসাহী হয়ে করছেন। এটা একধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কাজ।
অন্যদিকে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রথম আলোকে বলেন, তফসিল ও দলীয় প্রার্থিতা ঘোষণার আগে তো দূরের কথা; নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থীই আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন না। প্রতীকসংবলিত প্রচারপত্র ছাপিয়ে কেউ ভোট চাইলে সেটা কমিশনের নির্দেশনার গুরুতর লঙ্ঘন। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রোববার বিকেলে শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরের বিভিন্ন স্থানে শোভা পাচ্ছিল উপজেলা নাছির উদ্দিনের পক্ষে সাঁটানো এসব প্রচারপত্র। এই প্রচারপত্রে লেখা রয়েছে ‘আসন্ন ৩ নং মাঝিড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন বাবলুকে নৌকা মার্কায় ভোট দিন। প্রচারে: মাঝিড়া ইউনিয়নবাসী’। প্রচারপত্রের এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং অন্য পাশে ওই নেতার নিজের ছবি ও নৌকা প্রতীক রয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, মাঝিড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে তিনিই মনোনয়ন পাচ্ছেন। মনোনয়নের বিষয়টি দলীয়ভাবে চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ায় একজন শুভাকাঙ্ক্ষী নৌকা মার্কার সাড়ে চার হাজার পোস্টার ছেপে দিয়েছেন। কিন্তু সেই পোস্টার এখনো কোথাও সাঁটানো হয়নি। পরিচিত কেউ কেউ এই পোস্টারের দু-একটি দেখার কথা বলে নিয়ে গেছেন। সেটাই এখন বিভিন্ন স্থানে সাঁটা হয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর কোনো পোস্টার বা স্টিকার ইউনিয়নের কোথাও কেউ দেখাতে পারবেন না।