জেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জে একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ১০ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে এ নির্বাচন নিয়ে এখানে তেমন কোনো উত্তাপ নেই। এরপরও এখানে কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এখানে একজন চেয়ারম্যান, ১৫টি সাধারণ ও পাঁচটি সংরক্ষিত মহিলা সদস্যপদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। প্রার্থী না থাকায় জেলা রিটার্নিং কর্মকর্তা চেয়ারম্যান, দুজন সংরক্ষিত মহিলা সদস্য ও আটজন সাধারণ সদস্যকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচিতরা হলেন চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। সংরক্ষিত সদস্যপদে ২ নম্বর ওয়ার্ডে কাজী সেলিনা পারভীন ও ৪ নম্বর ওয়ার্ডে রিবলী ইসলাম। সাধারণ সদস্যপদে ১ নম্বর ওয়ার্ডে রেফাজ উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডে ইসহাক উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডে গোলাম রব্বানি, ৪ নম্বর ওয়ার্ডে নুরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডে মো. আবদুল হামিদ আকন্দ, ১০ নম্বর ওয়ার্ডে হাফিজুর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে ইকবাল হোসেন ও ১৩ নম্বর ওয়ার্ডে নেয়ামল ওয়াকিল খান।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা সবাই সরকারদলীয় প্রার্থী। এ ছাড়া বাকি তিনটি সংরক্ষিত ওয়ার্ডে সাতজন ও সাতটি ওয়ার্ডের সাধারণ সদস্যপদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১টি ভোটকেন্দ্রের ২২টি বুথে এ ভোট নেওয়া হবে। স্থানীয় সরকারের উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা এই নির্বাচনে ভোট দেবেন। এখানে মোট ভোটার সংখ্যা ১১৮৯। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ২৭৯ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রহিম বলেন, ভোট সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানতে চাইলে জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা বলেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কয়েকজন প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার পর পরিস্থিতি শান্ত রয়েছে। ভোট সুষ্ঠু হওয়ার জন্য তিনজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য ভোটকেন্দ্রে উপস্থিত থাকবেন।