নতুন নির্বাচন কমিশন গঠনে বিএনপির আগ্রহের বিষয়টি গতকাল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এক প্রকার নাকচ করে দিয়েছেন। তারপরও বিএনপি এখনো আশা করে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সরকার আলোচনায় আসবে। দলটি বলছে, আলোচনার টেবিলই হচ্ছে সমস্যা সমাধানের জায়গা।
গতকাল রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় এই কথা বলেন।
নির্বাচন কমিশন গঠনে বিএনপি ভূমিকা রাখতে চায়, আলোচনা চায়। বিএনপির এই আগ্রহের ব্যাপারে সরকারের অবস্থান কী হবে—গতকাল সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কী ধরনের নির্বাচন কমিশন চায়। তারা কি এমন কমিশন চায়, যারা এক কোটির বেশি ভুয়া ভোটার তালিকায় আনবে।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলেন, প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী এ ধরনের বক্তব্য দিলেও বিএনপি প্রত্যাশা করে সরকার আলোচনায় আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা দেশের জাতীয় নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তান আমলের শেষ সময়ে এ দেশের একক নেতা হওয়ার পরও বারবার পাকিস্তানের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছিলেন। তিনি প্রধানমন্ত্রীকে এই বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিএনপি মনে করে আলোচনার টেবিল হচ্ছে সমস্যা সমাধানের জায়গা।