তবুও কেন্দ্রে যাবে ব্যালট
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল ১০ মার্চ। প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ও ভাইস চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হতে যাচ্ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বী থাকলেও একজন গতকাল শুক্রবার সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন চলে যাওয়ায় নির্বাচনের আনুষ্ঠানিকতা সারতে হবে নির্বাচনী কর্মকর্তাদের। কেন্দ্রে যেতে হবে ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলেও ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও বক্স পৌঁছাতে হবে। কারণ, গত ১৯ ফেব্রুয়ারি প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন চলে গেছে।
গতকাল দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদা খাতুন (কলস)। সেখানে তিনি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মহিলা ভাইস চেয়ারম্যান পদের অপর প্রার্থী জেলী আক্তারকে (ফুটবল) সমর্থন দিয়েছেন। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন সভাপতিত্ব করেন। এ সময় সেখানে দলীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
ছানোয়ার হোসেন বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদা খাতুন সরে দাঁড়িয়ে জেলী আক্তারকে সমর্থন দিয়েছেন।