তরিকুল ইসলামের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গুরুতর অসুস্থ তরিকুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্র প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় কেন্দ্রীয় নেতারা।

 সম্প্রতি ওই নেতারা যশোর জেলা পুলিশের একটি মামলায় তরিকুল ইসলামসহ ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা এই মামলার পুনরায় তদন্ত এবং মিথ্যা অভিযোগ থেকে বিএনপি নেতাদের অব্যাহতি দেওয়ার দাবি জানান।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, বৃহত্তর খুলনার নেতা তরিকুল ইসলাম সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পটপরিক্রমায় নানা চড়াই-উতরাই পেরিয়ে জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে তিনি এক অনির্বাচিত সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকারে পরিণত হয়েছেন।

দীর্ঘ ১০ বছর গণতন্ত্রবিহীন বাংলাদেশে সব রাজনৈতিক দলকে নিয়ে যখন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে বিএনপি, সে সময় এ ধরনের বানোয়াট, কল্পিত ও সাজানো মামলায় অভিযোগপত্র প্রদান করে সরকার পরিস্থিতি আবারও ঘোলাটে করে মূলত বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার চক্রান্ত করছে।

বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও আইনজীবী নিতাই রায় চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদুভাই, মশিউর রহমান, সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও কবীর মুরাদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, স্থানীয় সরকার-বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাবউদ্দিন, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুণ্ডু এবং সহতথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।