তরিকুলের জামিন বহাল, ৩ নেতার বাতিল
নাশকতার চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের আগাম জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বাকি ৫২ মামলায় দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আমানউল্লাহ আমান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর আগাম জামিন বাতিল করা হয়েছে।
আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের পর আইনজীবী জয়নুল আবেদিন বলেন, হাইকোর্ট তরিকুল ইসলামকে নাশকতার চারটি মামলায় আগাম জামিন দিয়েছিলেন। সেই চারটিতে আপিল বিভাগ কোনো আদেশ দেননি (নো অর্ডার)। এ ক্ষেত্রে হাইকোর্টের আদেশই বহাল থাকল।
তবে এম কে আনোয়ারের নয়টি মামলা, আমানউল্লাহ আমানের ৪২টি মামলা ও আবদুল আউয়াল মিন্টুর একটি মামলায় আগাম জামিন বাতিল করেছেন আদালত।
গত ৯ জুলাই বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৫৬ মামলায় বিএনপির চার নেতার আগাম জামিন মঞ্জুর করেন। এর মধ্যে পল্টন, শাহবাগ, মিরপুর ও মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানার ৪২টি মামলায় আগাম জামিন পান বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান। রাজধানীর পল্টন থানার পাঁচটি, যাত্রাবাড়ী ও খিলগাঁও থানার একটি এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দুটি মামলায় আগাম জামিন পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। যশোর সদর থানার চার মামলায় আগাম জামিন পান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য তরিকুল ইসলাম। পল্টন থানার এক মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু আগাম জামিন পান।