তরুণেরাই দুই দেশের মৈত্রীর রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিউ ইয়ানডং
লিউ ইয়ানডং

চীনের উপপ্রধানমন্ত্রী লিউ ইয়ানডং বাংলাদেশের তরুণদের দুই দেশের মৈত্রীর রাষ্ট্রদূত হিসেবে অভিহিত করেছেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুশিয়াস ইনস্টিটিউটের এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে লিউ ইয়ানডং এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আগামী তিন-চার বছরে চীনে বাংলাদেশি পণ্যের রপ্তানি দুই বিলিয়ন ডলার ছাড়াবে। তিনি চীনের জন্য পরিকল্পিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল ব্যবহার করে বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এ ছাড়া চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়ার জন্য চীন সরকারের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিন সরকার। এরপর চীনের উপপ্রধানমন্ত্রীর সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কনফুশিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় চীনের উপপ্রধানমন্ত্রী মুগ্ধ হন। তিনি বলেন, ‘এখানকার তরুণদের প্রাণোচ্ছ্বাস, চীনের প্রতি তাদের ভালোবাসায় আমি দুই দেশের বন্ধুত্বের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাই।’
কনফুশিয়াস ইনস্টিটিউটের পরিচালক দিলার আফরোজ খানের সঞ্চালনায় আলোচনা পর্বে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের পরিচালক বেনজির আহমেদ।
লিউ ইয়ানডং বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ চীনের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। গত বছর দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১ হাজার ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি। ৯০টিরও বেশি চীনা শিল্পপ্রতিষ্ঠান ১৭ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
লিউ ইয়ানডং বলেন, ‘গত দুই দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছি। সার্বিক সহযোগিতা ও অংশীদারত্বের সম্পর্ক গভীরতর করা, পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করা, ঐতিহাসিক মৈত্রী সুসংহত করা, বাস্তবিক সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক কল্যাণ বাস্তবায়নের বিষয়ে আমরা একমত হয়েছি।’
বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনকে সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে লিউ ইয়ানডং বলেন, বাংলাদেশ-চীনের সম্পর্ক দীর্ঘদিনের। ভবিষ্যতে এ সম্পর্ক আরও দৃঢ় হবে। দুই দেশের মানুষের প্রচেষ্টা দিয়ে একসঙ্গে স্বপ্নপূরণের চেষ্টা করতে হবে।
এ সময় বাংলাদেশি ১০০ শিক্ষার্থীকে গ্রীষ্মকালীন কোর্সে অংশগ্রহণের সুযোগ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুশিয়াস ইনস্টিটিউটের জন্য এক হাজার চীনা বই প্রদানের ঘোষণা দেন চীনা উপপ্রধানমন্ত্রী।
লিউ ইয়ানডং বলেন, দেশের সঙ্গে দেশের যোগাযোগ নির্ভর করে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের ওপর। ভাষা হলো সংস্কৃতির ধারক ও যোগাযোগের মাধ্যম। একটি নতুন ভাষা জানা মানে নতুন করে বন্ধুত্ব করা। ভবিষ্যতে চীনেও বাংলা ভাষা চালু হবে বলে জানান তিনি।