স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারা জনগণের সঙ্গে বেইমানি করেছে। আর যারা জনগণের সঙ্গে বেইমানি করেছে, তাদের রাজপথে নামতে দেওয়া হবে না। তারা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগ জনগণের জানমাল রক্ষার্থে ৫ জানুয়ারি মাঠে থাকবে।
গতকাল শনিবার দুপুরে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এর আগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ মুর্শেদ আহমদ চৌধুরী।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দ্বীন মোহাম্মদ, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সংরক্ষিত আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক প্রমুখ।