তানোরে ১৪৪ ধারা জারি
রাজশাহীর তানোর উপজেলার থানার মোড় ও তার পাশের ডাকবাংলো মাঠসহ আশপাশের এলাকায় সভা-সমাবেশের ওপর গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় সহিংসতার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান ভুঁইয়া।
রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে নিষেধাজ্ঞা জারির ব্যাপারে এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, সকাল ১০টায় তানোর ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইমরান আলী মোল্লা খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে সমাবেশ ডাকেন। একই সময় ডাকবাংলোর সামনে থানার মোড়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেন।