চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাপস সরকারের খুনিদের রক্ষার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ‘সিএফসি’ (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের নেতা-কর্মীরা। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের নেতা রেজাউল হক। এতে অভিযোগ করা হয়, তাপস হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ক্যাম্পাসে পুনর্বাসন করার চেষ্টা চলছে।
তবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী প্রথম আলোকে জানান, সংবাদ সম্মেলন করে যে বক্তব্য দেওয়া হয়েছে তা চরম মিথ্যাচার। যারা ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছে সমিতি। এতে তাপসের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।