তাবিথের নির্বাচনী প্রচারে খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল গুলশান এলাকায় ঢাকা উত্তরের দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় অংশ নেন l ছবি: প্রথম আলো
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল গুলশান এলাকায় ঢাকা উত্তরের দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় অংশ নেন l ছবি: প্রথম আলো

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট চাইলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শনিবার বিকেলে হঠাৎ করেই প্রচারে নামেন তিনি।
প্রথম দিন প্রচারে নেমে প্রায় সাড়ে চার ঘণ্টায় খালেদা জিয়া গুলশান-১, গুলশান-২, বাড্ডা, বনানী, মহাখালী, তেজগাঁও, হাতিরঝিল এলাকায় তাবিথের পক্ষে বাস মার্কায় ভোট চান। বিভিন্ন দোকানে ঢুকে নিজ হাতে প্রচারপত্রও বিতরণ করতে দেখা যায় তাঁকে। পুরো সময় সঙ্গে না থাকলেও প্রচারের একটি সময় তাঁর সঙ্গে দেখা করে যান তাবিথ।
রাতে ফেরার পথে হাতিরঝিল এলাকায় গাড়ি থেকে নেমে গণসংযোগ করেন খালেদা জিয়া। এ সময় এক ব্যক্তি খালেদা জিয়াকে বলেন, কেমন সাড়া পাচ্ছেন? জবাবে খালেদা জিয়া বলেন, ‘বেশ ভালো সাড়া পাচ্ছি।’ ওই ব্যক্তি তখন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, আমরা ইতিবাচক রাজনীতি চাই। জবাবে খালেদা জিয়া বলেন, তাঁরা ‘পজিটিভ’ রাজনীতি করেন, ‘নেগেটিভ’ রাজনীতি করেন না। যাঁরা ‘নেগেটিভ’ রাজনীতি করে তাঁদের প্রতিহত করতে হবে।
সাধারণত বিএনপি-সমর্থিত প্রার্থীরা বা তাঁদের পক্ষে জ্যেষ্ঠ নেতারা কে, কোথায়, কখন, প্রচারে নামবেন তা গণমাধ্যমকে আগ থেকে জানানো হয়। কিন্তু খালেদা জিয়ার প্রচারে নামার বিষয়টি তিনি বাসা থেকে বের হওয়ার পরও জানানো হয়নি।
গতকাল বিকেল সোয়া চারটার দিকে হঠাৎ করেই গুলশানের বাসা থেকে বের হয়ে গুলশান-২-এ অবস্থিত পিংক সিটি মার্কেটে যান খালেদা জিয়া। মার্কেটের নিচতলায় কয়েকটি দোকানে গিয়ে ভোট চান। এ সময় তাঁর সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কয়েকজন মহিলা কর্মী আর নিজস্ব নিরাপত্তাকর্মীরা ছিলেন। খালেদা জিয়ার যাওয়ার খবরে ওই এলাকায় ভিড় জমে যায়। পুরো সময় নিজস্ব নিরাপত্তাকর্মীদের পাশাপাশি পুলিশও নিয়োজিত ছিল।
প্রচারের একপর্যায়ে সন্ধ্যা সাতটার দিকে তাবিথ আউয়াল বনানী তিন নম্বর ব্লকের ১১ নম্বর সড়কে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। কিছুক্ষণ থেকে তিনি চলে যান।
পিংক সিটি মার্কেট থেকে খালেদা জিয়া সরাসরি চলে যান গুলশান-১ নম্বরের ডিসিসি মার্কেটে। সেখান থেকে যান গুলশানের নাভানা টাওয়ারের নিচতলায়। এ দুটি মার্কেটে কয়েকটি দোকানে ঢুকে ভোট চান খালেদা জিয়া। অনেকের হাতে তাবিথের প্রচারপত্রও তুলে দেন। সেখান থেকে গুলশান লিংক রোড, প্রগতি সরণি (উত্তর বাড্ডা) হয়ে আমেরিকান দূতাবাসের পাশ দিয়ে গুলশান-২ নম্বর ডিসিসি মার্কেটে যান খালেদা জিয়া। তাঁর গাড়িবহর চলছিল খুব ধীরগতিতে। এ পথটুকু যেতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। এ সময় তিনি গাড়ির ভেতরে ছিলেন। তাঁর গাড়ির পাশে মিছিল নিয়ে ছিলেন শতাধিক নেতা-কর্মী। তাঁরা সড়কের বাম পাশে থাকা মানুষের কাছে তাবিথ আউয়ালের প্রচারপত্র বিলি করেন। মাইকেও তাবিথের বাস মার্কায় ভোট চাওয়া হয়। খালেদা জিয়া গাড়িতে বসেই হাত নেড়ে শুভেচ্ছা জানান। গাড়িবহর ধীরগতিতে যাওয়ায় পেছনে প্রগতি সরণি ও বাড্ডা লিংক রোড এলাকায় লম্বা যানজট তৈরি হয়।
সন্ধ্যা সোয়া ছয়টার কিছু পরে খালেদা জিয়া পৌঁছান গুলশান-২ নম্বরে গুলশান ডিসিসি সুপার মার্কেটে। এখানে কয়েকটি দোকানে ঢুকে খালেদা জিয়া অনেকের কুশলও জানতে চান। একটি দোকানে ঢুকে তাবিথের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, ঢাকা শহর অনেক নোংরা হয়ে গেছে। ঢাকাকে পরিষ্কর-পরিচ্ছন্ন করতে হবে। সেখান থেকে খালেদা জিয়া যান বনানী সুপার মার্কেটে। মার্কেটের নিচতলায় গণসংযোগ করার পর বনানী এলাকায় গণসংযোগ করেন তিনি। সেখান থেকে যান মহাখালী। গাড়িতে বসেই মহাখালী ফুটপাতের পাশের দোকানি ও সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান খালেদা জিয়া। কর্মীরা এ সময় প্রচারপত্র বিলি করেন। সেখান থেকে খালেদা জিয়া যান মহাখালী বাস টার্মিনালে। সেখানে খুব অল্প সময়ের জন্য গাড়ি থেকে নেমে হাত নেড়ে শুভেচ্ছা জানান। মহাখালী বাস টার্মিনাল থেকে তিনি যান তেজগাঁও এলাকায়। তেজগাঁও কলোনি বাজার এলাকায় খালেদা জিয়া পৌঁছালে সেখানে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে দলের নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
সেখান থেকে খালেদা জিয়া যান হাতিরঝিলে। ওই এলাকায় আধা ঘণ্টার বেশি সময় জনসংযোগ করেন তিনি। দুজায়গায় নিজে গাড়ি থেকে নামেন। সেখান থেকে রাত নয়টার দিকে সরাসরি বাসায় চলে যান বিএনপির চেয়ারপারসন।
রাত নয়টার দিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি অলি আহমদ বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তাঁর গুলশানের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন।