চট্টগ্রামকে তামাকমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলে জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, সদিচ্ছা ও আন্তরিকতা থাকলে কোনো কাজই কঠিন নয়।
‘তামাক নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক বরাদ্দকৃত বাজেট বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র নাছির এসব কথা বলেন। গতকাল বুধবার সকালে আন্দরকিল্লায় নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে যৌথভাবে এ সভার আয়োজন করে বেসরকারি সংস্থা ইপসা ও তামাকবিরোধী মিডিয়া জোট (আত্মা)। সভায় সহযোগিতায় ছিল বেসরকারি সংস্থা ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে)।
সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর আনজুমান আরা বেগম, সচিব মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন হুমায়ূন কবির, সিটিএফকের গ্র্যান্ট ম্যানেজার মাহফুজুর রহমান, আত্মার চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক আলমগীর সবুজ, ইপসার পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী।
সভায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে অবদান রাখায় এবং অধূমপায়ী হিসেবে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। সভায় ধূমপান ও তামাকের বিভিন্ন ক্ষতিকর বিষয় তুলে ধরেন বক্তারা।