তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ
হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ নাগরিক সমাজের সংলাপের উদ্যোগ সম্বন্ধে বলেছেন, নাগরিক সমাজের একটি অংশ দুষ্কৃতকারীদের সঙ্গে আলোচনার কথা বলছে। তারা ওয়ান-ইলেভেনের কুশীলব এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।
আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, সরকার, জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রতিরোধে শিগগিরই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। জনগণ ইতিমধ্যে প্রতিরোধ শুরু করে দিয়েছে। দেশের অবস্থা ১৫ দিন আগের তুলনায় অনেক স্বাভাবিক। দুষ্কৃতকারীদের প্রতিরোধে জনগণের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার ও আওয়ামী লীগ আপনাদের পাশে আছে।
তিনি আরও বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা সম্প্রতি যুক্তরাষ্ট্রে বলেছেন, সংলাপ করলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এ কথার মধ্য দিয়ে তারা হামলার দায়দায়িত্ব স্বীকার করে নিল। তিনি এ জন্য খোকাকে ধন্যবাদ জানান। হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত জোট জঙ্গি জোটে রূপান্তরিত হয়েছে। জঙ্গি সংগঠন যেমন গোপন স্থান থেকে বিবৃতি দেয়, তারাও দিচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া প্রমুখ।