তারাগঞ্জে বিদ্রোহীদের জন্য আ.লীগ প্রার্থীর পরাজয়
রংপুরের তারাগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনটিতে হেরেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, একটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর ব্যর্থতা, আর দুটিতে নেতা-কর্মীদের মধ্যে সমন্বয়হীনতাসহ বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় প্রার্থীরা হেরেছেন।
পঞ্চম দফায় গত শনিবার উপজেলায় ওই নির্বাচন হয়। বেসরকারি ফলাফল অনুযায়ী, পাঁচটি ইউপির একটিতে জাপা, দুটিতে আওয়ামী লীগ ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন। ভোট গ্রহণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা।
আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই পাঁচটি ইউপিতে আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী মাঠে ছিলেন। বিদ্রোহী প্রার্থীরা দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেন। এ কারণে আওয়ামী লীগের প্রার্থীরা হেরেছেন।
সয়ার ইউপিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে এস এম মহিউদ্দিন আজম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ৫ হাজার ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জাপার প্রার্থী আল-ইবাদত হোসেন পেয়েছেন ৪ হাজার ৫৭৯ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী জালাল উদ্দিন পেয়েছেন ৪ হাজার ৫৬ ভোট।
আলমপুর ইউপিতে জাপার প্রার্থী মঞ্জুর কাদের চৌধুরী ৪ হাজার ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর আওয়ামী লীগের প্রার্থী দেলোয়ার হোসেন ৩ হাজার ৫০৭ ভোট পেয়েছেন।
ইকরচালী ইউপিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে জাতীয় পার্টি থেকে নির্বাচন করে মোবারক হোসেন পেয়েছেন ৩ হাজার ২০২ ভোট। আওয়ামী লীগের প্রার্থী ইদ্রিস উদ্দিন পেয়েছেন ৫ হাজার ৮০ ভোট। এই ইউপিতে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম ৫ হাজার ২৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তবে কুর্শা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আফজালুল হক ৮ হাজার ৯২১ ভোট পেয়ে এবং হাড়িয়ারকঠিতে হারুন-অর-রশিদ ১১ হাজার ৫৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ওই তিন ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে সমন্বয়হীনতা ছিল। আলমপুর ইউপিতে বিদ্রোহী প্রার্থী রেজাউল করিমের কারণে আওয়ামী লীগের প্রার্থী হেরেছেন, ইকরচালীতে স্থানীয় নেতা-কর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় ও সয়ার ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী জালাল উদ্দিনের নিজের ব্যর্থতার কারণে নির্বাচনে তিনি পরাজিত হন।