তারাগঞ্জে বিদ্রোহীরা মাঠে বিপাকে আ.লীগের প্রার্থীরা
রংপুরের তারাগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এতে তিন ইউপিতে দলটির প্রার্থীরা বেকায়দায় পড়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮ মে পঞ্চম ধাপে তারাগঞ্জের পাঁচটি ইউপিতে ভোট হবে। ইউপিগুলোতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পাঁচজনসহ ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আলমপুর, ইকরচালী ও সয়ার ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বেকায়দায় আছেন। দল থেকে মনোনয়ন না পেয়ে সয়ার ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন মহিউদ্দিন আজম। তিনি নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন। এতে আওয়ামী লীগের প্রার্থী জালাল উদ্দিন পড়েছেন বেকায়দায়। ইকরচালী ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে মোবারক হোসেন জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়ে মাঠে আছেন। এ কারণে এই ইউপিতে আওয়ামী লীগের ইদ্রিস উদ্দিনও আছেন সমস্যায়।
আলমপুর ইউপিতে মনোনয়ন না পেয়ে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন বিদ্রোহী রেজাউল ইসলাম। এখানে আওয়ামী লীগের প্রার্থী দেলোয়ার হোসেন বিপাকে পড়েছেন। দলীয় নেতা-কর্মীদের মধ্যেও চলছে চাপা উত্তেজনা। আওয়ামী লীগের ভোটাররাও দুভাগে বিভক্ত হয়ে পড়েছেন।
বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলাম বলেন, ‘ভোট করব বলে পাঁচ বছর ধরে মানুষের পাশে আছি। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সুসম্পর্ক রেখেছি। এলাকায় আমার অনেক জনপ্রিয়তা আছে। কিন্তু দল আমাকে মনোনয় দেয়নি। তাই ভোটারদের চাপে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে হচ্ছে।’
আওয়ামী লীগের প্রার্থী দেলওয়ার হোসেন বলেন, ‘এলাকায় রেজাউল ইসলামের কোনো জনপ্রিয়তা না থাকায় দল তাকে মনোনয়ন দেয়নি। এলাকার ভোটার ও দলীয় লোকজন আমার পাশে আছে। ভোটারেরা এর আগে একবার আমাকে এই ইউপির সদস্য নির্বাচিত করেছিলেন। সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। জনগণ অবশ্যই আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবে।’
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।