তারাগঞ্জের দুটি ইউপিতে প্রার্থী পায়নি বিএনপি
আসন্ন নির্বাচনে রংপুরের তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে দুটিতে চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী নেই। এদিকে, দুই ইউপিতে আওয়ামী লীগের দুজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে ২৮ মে ভোট অনুষ্ঠিত হবে। উপজেলার পাঁচটি ইউপিতে চেয়ারম্যান পদে মোট ৩১ জন প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা হলেন আলমপুর ইউপিতে দেলওয়ার হোসেন, কুর্শায় আফজালুল হক, ইকরচালীতে ইদ্রিস উদ্দিন, হাড়িয়ারকুঠিতে হারুন-অর-রশিদ ও সয়ার ইউপিতে জালাল উদ্দিন সরকার।
এর মধ্যে কুর্শা ও ইকরচালী ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই। আলমপুর ইউপিতে সিরাজুল ইসলাম, হাড়িয়ারকুঠি ইউপিতে আসাদুজ্জামান নুর ও সায়র ইউপিতে বেলাল হোসেন দলটির প্রার্থী হয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি আবদুল রশিদ পাটোয়ারী গতকাল সোমবার বলেন, কুর্শা ও ইকরচালী ইউপিতে প্রার্থী দেওয়ার জন্য দলীয় নেতাদের নিয়ে একাধিকবার আলোচনা করা হয়। কিন্তু কেউ আগ্রহী না হওয়ায় প্রার্থী দেওয়া সম্ভব হয়নি।
এদিকে, আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে সয়ার ইউপিতে মহিউদ্দিন আজম ও আলমপুর ইউপিতে রেজাউল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। মহিউদ্দিন আজম বলেন, ‘দল আমাকে মনোনয়ন দেয়নি তো কী হয়েছে? এলাকায় আমার অনেক জনপ্রিয়তা আছে। তাই ভোটারদের চাপে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’ একই ধরনের কথা বলেন আলমপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলামও।