তারেক ইস্যুতে মাঠে নামলে জনগণ প্রতিহত করবে : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অর্থ পাচার মামলায় সাত বছর কারাদণ্ডের ইস্যু নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দেশবাসী তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। জনগণ শক্ত হাতে বিশৃঙ্খলা প্রতিহত করবে।
আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শোকের মাস আগস্টে দলীয় কর্মসূচি নির্ধারণের জন্য আয়োজিত যৌথসভায় হানিফ এসব কথা বলেন।
তারেক রহমানের সাজার বিষয়টি রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবিলা করা হবে—বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘তারেক একজন অপরাধী। অপরাধীকে আইনের মাধ্যমেই নির্দোষ প্রমাণের চেষ্টা করতে হবে। তারেক রহমানের মামলার রায় রাজনৈতিকভাবে মোকাবিলার কোনো সুযোগ নেই। বিএনপি যদি তারেক রহমানকে নির্দোষ মনে করে, আইনি লড়াইয়ের চেষ্টা করে দেখতে পারে। আইনি লড়াই বাদ দিয়ে রাজনৈতিকভাবে লড়াইয়ের ঘোষণা দিয়ে মাঠে নেমে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার জবাব দেশবাসী দেওয়ার জন্য প্রস্তুত আছে। জনগণ শক্ত হাতে তা প্রতিহত করবে।’
তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে এই রায় দেওয়া হয়েছে—বিএনপির এমন অভিযোগের বিষয়ে হানিফ বলেন, ‘তারেক নিজেই মুচলেকা দিয়ে রাজনীতি থেকে দূরে সরে গেছেন। তাঁকে কে বিদেশ পাঠিয়েছে? তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তিনি এখনো দেশে এসে মোকাবিলা করতে পারেন। এই মামলায়ও (অর্থ পাচার) তাঁর আপিলের সুযোগ আছে। তাঁর যদি সৎসাহস থাকে, তাহলে আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করুন।’
জঙ্গি হামলার প্রতিবাদে আগামী মঙ্গলবার ২০-দলীয় জোটের শরিক জামায়াতের বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে হানিফ বলেন, ‘জামায়াত নামে কোনো রাজনৈতিক সংগঠন বাংলাদেশের মানুষ দেখতে চায় না। এরা বহু আগে আস্তাকুঁড়ে চলে গেছে। মাটির নিচে চলে গেছে। এ ধরনের কর্মসূচির নামে কেউ যদি রাস্তায় নামে, তার উচিত শিক্ষা জনগণ দেবে।’ জামায়াত নিষিদ্ধের আইনি প্রক্রিয়ার ফলাফল শিগগিরই জনগণ জানতে পারবে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী কমিটি গঠনের বিষয়ে হানিফ বলেন, প্রতিটি জেলা-উপজেলায় কমিটি গঠনের কথা বলা হয়েছে। প্রতিটি জেলায় সভাও হয়েছে। ১৪ দলসহ দেশের সাধারণ নাগরিকদের সম্পৃক্ত করা হচ্ছে—এ জন্য একটু দেরি হচ্ছে। দু-তিন দিনের মধ্যে সন্ত্রাসবিরোধী কমিটির পূর্ণাঙ্গ তালিকা দেওয়া সম্ভব বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আকতার, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।