তারেক এখনো মুক্ত নন নির্বাসিত: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারেক রহমান এখনো মুক্ত নন, তিনি নির্বাসিত। দেশে দানবীয় শক্তি থাকার কারণে তিনি আসতে পারছেন না। তাঁকে ফিরিয়ে আনতে হবে।’
গতকাল বুধবার বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। তারেক রহমানের ‘সপ্তম কারামুক্তি দিবস’ উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাস নিয়ে সত্যি কথা তুলে ধরছেন বলে আওয়ামী লীগ ও এর সমর্থক বুদ্ধিজীবীরা অযৌক্তিকভাবে তারেক রহমানের সমালোচনা করছেন বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এ কে খন্দকারের সদ্য প্রকাশিত বই ভেতরে বাইরে ৭১ থেকে কয়েকটি উদ্ধৃতি তুলে ধরে বলেন, শেষ পর্যন্ত আওয়ামী লীগ চেয়েছিল পাকিস্তানের সঙ্গে সমঝোতা করতে।
ছোটখাটো ভেদাভেদ শুধরে ‘অবৈধ সরকারের’ পতন ঘটাতে আন্দোলনে নামতে দলের নেতা-কর্মীদের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, আওয়ামী লীগের প্রোপাগান্ডা ও সন্ত্রাসের কারণে গত ৪৩ বছরে ইতিহাসের সত্যি ঘটনা তুলে আনা সম্ভব হয়নি। তারেক রহমানই আওয়ামী লীগের বিশ্বাসঘাতকতার কথা, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে এনেছেন। এটাকে বিপ্লবের সঙ্গে তুলনা করা যায়।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ বলেন, দেশে অনুপস্থিত থেকেও তারেক রহমান যেভাবে মানুষের মনে আলোড়ন তুলেছেন, সেটা তুলনাহীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার বলেন, তারেক রহমান যা বলেন, জেনেশুনে পড়াশোনা করে বলেন। রাষ্ট্রনায়কোচিত মনোভাব নিয়েই ইতিহাস বিকৃতির জবাব দিচ্ছেন তিনি।
বিএনপির নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন সেলিমা রহমান, রফিকুল ইসলাম মিয়া, আমান উল্লাহ, সালাহউদ্দিন আহমদ, বরকত উল্লাহ প্রমুখ।
আলোচনা সভা শুরু হওয়ার আগে থেকেই মিলনায়তনে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যা ছয়টার দিকে বক্তব্যের একপর্যায়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, ইচ্ছে করেই চার ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। অবশ্য এর মিনিট দুয়েকের মধ্যে বিদ্যুৎ চলে আসে।