তারেক ক্ষমা না চাইলে খালেদার সমাবেশ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের বক্তব্য প্রত্যাহার না করা হলে দেশের কোথাও খালেদা জিয়াকে সমাবেশ করতে দেওয়া হবে না বলে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সংগঠনটির সভাপতি এইচ এম বদিউজ্জামান প্রথম আলোকে এ কথা বলেন।
এইচ এম বদিউজ্জামান বলেন, ‘তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন, তা সারা বিশ্বের কেউ মেনে নেয়নি। সারা বিশ্বের বাঙালি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’ আপনারা কি খালেদা জিয়াকে দেশের কোথাও সমাবেশ না করতে দেওয়ার ঘোষণা দিয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইতিমধ্যে গাজীপুরের মানুষ খালেদা জিয়াকে সমাবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে। এ রকম সারা দেশেই হবে।’

ছাত্রদল আপনাদের ‘গণধোলাই’ দেওয়ার ঘোষণা দিয়েছে, এখন আপনারা কী করবেন? এই প্রশ্নের জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বলেন, ‘তাদের (ছাত্রদল) শব্দবোমায় আমরা ভয় পাই না। ক্যাম্পাসে ভায়োলেন্স তাদের অভ্যাস, আমাদের নয়। তাদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আহ্বান জানাচ্ছি।’
এর আগে আজ বিকেলে নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান লিখিত বক্তব্যে বলেন, ‘গাজীপুরে নির্দিষ্ট তারিখে নির্ধারিত জায়গায়ই খালেদা জিয়ার জনসভা হবে। এর জন্য যে ভাষায় কথা বলা দরকার, যে পদ্ধতিতে কাজ করার দরকার, তা করতে ছাত্রদল বদ্ধপরিকর।’
২৭ ডিসেম্বর গাজীপুরের বদরে আলম সরকারি কলেজ মাঠে ২০ দলের সমাবেশ হওয়ার কথা। সেখানে প্রধান অতিথি থাকবেন খালেদা জিয়া। তবে গতকাল রোববার গাজীপুর জেলা ও মহানগর ছাত্রলীগ একই স্থানে একই সময়ে পাল্টা সমাবেশের ঘোষণা দিয়েছে।