বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তৎকালীন পাকিস্তানি শোষকদের সুরে কথা বলছেন। তিনি দেশ ও জাতির শত্রু। যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে এ মন্তব্য করা হয়েছে। ‘তারেকের ইতিহাস বিকৃতির চেষ্টা’র প্রতিবাদে গতকাল শুক্রবার পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বক্তব্যে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলে তারেক স্বাধীনতাবিরোধীদের পক্ষে অবস্থান নিয়েছেন। পাকিস্তানি শোষক এবং তাদের দোসরেরা বঙ্গবন্ধুর উদ্দেশে যে ভাষায় কথা বলত, তারেকও একই সুরে কথা বলছেন। তিনি শিষ্টাচারের সব সীমা লঙ্ঘন করেছেন। তাঁকে জাতির কাছে ক্ষমতা চেয়ে বক্তব্য প্রত্যাহার করতে হবে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লন্ডন সফররত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।