তারেক দেশে ফিরে আপিল করবেন: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিং মামলায় তারেক রহমানের সাত বছরের সাজাকে ‘ন্যায়বিচারের পরিপন্থী’ মনে করে বিএনপি। দলটির দাবি—হাইকোর্টে বিচার একতরফা হয়েছে। তারেকের পক্ষে কোনো আইনজীবী বক্তব্য রাখতে পারেননি। সময় এলে তারেক দেশে ফিরবেন এবং আপিল করবেন।
গতকাল শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের এই অবস্থান তুলে ধরেন দলের দুজন নেতা আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনেকে উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে দলের জ্যেষ্ঠ নেতারা এ বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেন।
সংবাদ সম্মেলনে তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে আজ শনিবার রাজধানী ঢাকাসহ সব মহানগর, জেলা সদরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সোমবার থেকে পৃথক কর্মসূচি দেবে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আইনের বিধানমতে যে পর্যন্ত না তারেক রহমান দেশে আসেন এবং এখানে হাজির না হন, সে পর্যন্ত তাঁর পক্ষে আপিল করা সম্ভব নয়। ফৌজদারি মামলায় সময়ের কোনো লিমিটেশন নেই। ২০-৩০ বছর পরও ফৌজদারি মামলা করা যায়। ইনশাআল্লাহ যখন সময় আসবে, তারেক রহমান এই মাটিতে আসতে পারবেন। তখন আমরা আপিল করব এবং দেখাব এ মামলাটি সম্পূর্ণ বেআইনি হয়েছে।’
নিম্ন আদালতের বিচারককে প্রভাবিত করে তারেক রহমান খালাস পান—আইনমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে প্রশ্ন করলে খন্দকার মাহবুব হোসেন বলেন, তাঁর ভাষায়, ‘এ কথা আমিও বলি, যেহেতু তারা যখন বলছেন যে বিচারিক আদালতকে প্রভাবিত করেছেন। বিএনপির পক্ষে যদি আদালতকে প্রভাবিত করা যায়, তাহলে সরকার কতটা প্রভাবিত করতে পারে এবং তারা কোন পর্যন্ত যেতে পারে, তা এখন আপনারাই বিবেচনা করেন।’
খন্দকার মাহবুব আরও বলেন, এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে দুটি বিষয় প্রমাণ করতে হবে। অসৎ উপায়ে অর্থ উপার্জন ও বিদেশে অর্থ পাচার। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তাই বলেছেন, বাংলাদেশ থেকে কোনো টাকা বিদেশে যায়নি। আর দুর্নীতি দমন কমিশন যে খাদিজা ইসলামের কথিত বক্তব্যের ওপর নির্ভর করে মামলাটি করেছিল, তিনি সাক্ষ্যে বলেছেন, তিনি ঘুষ নয়, বৈধভাবেই গিয়াসউদ্দিন আল মামুনকে পরামর্শ ফি দিয়েছেন। খাদিজার সাক্ষ্য সরাসরি সরকার গ্রহণ করে, আদালত গ্রহণও করেন। সেখানে তারেক রহমানের নামগন্ধও নেই।
খন্দকার মাহবুব দাবি করেন, সরকার যখন অসুবিধায় পড়ে, তখন বিভিন্ন সময় চমক সৃষ্টি করে। তারেক রহমানের অপরাধ তিনি রাজনৈতিক নেতা। জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে এটিও সরকারের একটি চমক।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, রুহুল কবির রিজভী, মো. শাহজাহান, মজিবুর রহমান সারোয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।