বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তৎকালীন পাকিস্তানি শোষকদের সুরে কথা বলছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা। তারেক রহমান কর্তৃক ইতিহাস বিকৃতির চেষ্টার প্রতিবাদের আজ শুক্রবার পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়।
গত সোমবার পূর্ব লন্ডনে যুক্তরাজ্য বিএনপির বিজয় দিবসের আলোচনায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার, খুনি ও পাকবন্ধু’ বলে মন্তব্য করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্বাধীনতা বিরোধীদের পক্ষে অবস্থান নিয়েছেন। পাকিস্তানি শোষক ও তাদের দোসররা বঙ্গবন্ধুর উদ্দেশে যে ভাষায় কথা বলতো তারেক রহমানও আজ একই সুরে কথা বলছেন। যা প্রমাণ করে তারেক রহমান পাকিস্তানের স্বার্থে কথা বলছেন এবং স্বাধীনতা বিরোধীদের পক্ষেই তার অবস্থান। তারেক রহমানকে দেশ ও জাতির শত্রু হিসেবে আখ্যায়িত করেন তারা।
বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বললেন তারেক
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম না হলে জিয়াউর রহমান সামান্য বেতনের সেনা অফিসার হিসেবেই বিদায় নিতেন। তারেক রহমানের মা খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া দূরে থাক রাজনৈতিক নেত্রী হওয়ারও সুযোগ পেতেন না। তারেকের বক্তব্য সকল শিষ্ঠাচারকে অতিক্রম করেছে। তাঁরা তারেক রহমানকে জাতির কাছেÿক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানান।
এক প্রশ্নের জবাবে যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমুজ আলী বলেন, তারেক রহমানকে আগে স্বীকার করতে হবে বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ হয়েছিল কি-না? যদি হয়ে থাকে তাহলে তখন কোন সরকার ক্ষমতায় ছিল। তাঁর বাবা জিয়াউর রহমান কার নেতৃত্বে যুদ্ধ করলেন, কোন সরকারের কাছ থেকে জিয়া বেতন পেতেন এবং মুজিবনগর সরকারকে স্বীকার করেন কি-না। এসব বিষয় সম্পর্কে তাঁকে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে। তাঁরপর সে বুদ্ধিভিত্তিক জবাব আশা করতে পারে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লন্ডন সফররত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ খালেদ মাহমুদ চৌধুরী এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।