তারেক রহমানসহ আসামিদের মৃত্যুদণ্ড চান হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ। প্রথম আলো ফাইল ছবি।
হাছান মাহমুদ। প্রথম আলো ফাইল ছবি।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ অভিযোগ করেছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যুক্ত। তিনি তারেক রহমানসহ এ মামলার অন্য আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দায় এড়াতে পারেন না, তাঁরও বিচার ও শাস্তির দাবি করেন তিনি।

আজ সোমবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ নামের একটি সংগঠন আয়োজিত ‘জাতীয় নির্বাচন নিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের নতুন ষড়যন্ত্র ও করণীয়’ শীর্ষক আলোচনায় হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের নেতারা সব সময় জানতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর ঝুঁকি রয়েছে। তাই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কোনো সমাবেশ হলেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভবনের ওপর পাহারায় থাকতেন। কিন্তু সেদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলের কোনো নেতা-কর্মীকে ভবনের ছাদে উঠতে দেয়নি এবং গ্রেনেড হামলার পরপর আহত লোকজনের সাহায্যে যখন দলের নেতা-কর্মী ও সাধারণ জনগণ এগিয়ে এসেছেন, তখন তাঁদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পানি দিয়ে রাস্তার ওপর থাকা রক্ত ধুয়ে মুছে আলামত নষ্ট করা হয়।

গ্রেনেড হামলা বিষয়ে হাছান মাহমুদ বলেন, সেদিন আইনশৃঙ্খলার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদের বহিষ্কার তো দূরের কথা, জিজ্ঞাসাবাদও করা হয়নি। এমনকি এই গ্রেনেড সরকার ছাড়া অন্য কারও কাছে থাকার কথা নয়। কারণ এই গ্রেনেড যুদ্ধে ব্যবহৃত হয়। এমনকি যে গ্রেনেড সেখানে বিস্ফারণ করা হয়েছিল, সেই গ্রেনেড কারাগারের মধ্যেও পাওয়া গিয়েছিল। কারাগারের মধ্যে গ্রেনেড গেল কীভাবে? গ্রেনেড হামলার একজন ভুক্তভোগী ও মামলার সাক্ষী হিসেবে তারেক রহমানসহ যাঁরা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন তিনি।

সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতাদের মাথা খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ তাঁরা কোটা আন্দোলনকারীদের ঘাড়ে চড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এরপর বিএনপি ও ছাত্রদলের ২৫ থেকে ৩০ বছরের যুবক ও মহিলাদের স্কুলের ড্রেস পরিয়ে কোমলমতি বানিয়েও ব্যর্থ হয়েছে। সর্বশেষ সমাবেশটাও সফল করতে না পেরে তাদের এখন মাথা খারাপ হয়ে গেছে, তাই তাঁরা আবোলতাবোল বকছেন। প্রকৃতপক্ষে তাঁদের আসল উদ্দেশ্য নির্বাচন নয়, তাঁদের আসল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে আবারও একটি বিশেষ পরিস্থিতি তৈরি করা।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন কাছে চলে এসেছে। শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশের উন্নয়ন হয়েছে এবং যেভাবে প্রত্যেকটি মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে, তা জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরা হলে বিবেক, বুদ্ধি আর জ্ঞানসম্পন্নরা নৌকা ছাড়া অন্য কোথাও ভোট দেবেন না।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা আবু আহমেদের সভাপতিত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কায়সার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম, আওয়ামী লীগের নেতা বলরাম পোদ্দার, বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাজাহান আলম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।