তারেক রহমানসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তাঁর ব্যক্তিগত সহকারী লুৎফর রহমান বাদল এবং গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র এম এ মান্নানের ছেলে মঞ্জুরুল আহসানসহ ৩২ জনের বিরুদ্ধে গাজীপুরের আদালতে মঙ্গলবার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ গতকাল মঙ্গলবার সকালে তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
এসপি হারুন অর রশীদ বলেন, গত ২১ জানুয়ারি ২০-দলীয় জোটের হরতাল চলাকালে গাজীপুরের মনিপুর খাসপাড়া এলাকায় বিএনপির নেতা-কর্মীরা রাস্তা অবরোধ করেন। এ সময় তাঁরা একটি বাসে কেরোসিন ও পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলে বাসটি পুড়ে যায়। এত প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় জয়দেবপুর থানার পুলিশ বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪০-৪৫ জনের নামে মামলা করে। তদন্ত শেষে সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। এ মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসপি হারুন অর রশীদ আরও বলেন, সাক্ষ্য-প্রমাণ ও তদন্ত অনুযায়ী গত বছর জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে তারেক রহমান, মঞ্জুরুল আহসান ও অন্যরা যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করেন। এসবের মধ্যে ছিল বাংলাদেশের প্রধান শিল্পাঞ্চল ও বিশেষ করে গাজীপুরে নাশকতা, গাড়ি ভাঙচুর, গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও মানুষ হত্যা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা। এ ছাড়া তাঁরা লন্ডনে বসে বাংলাদেশ সরকারের পতন ঘটানোর ব্যাপারেও আলোচনা করেন।