বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম নগর যুবদল।
বেলা ১১টায় দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে এ সমাবেশের আগে কাজীর দেউড়ি মোড় থেকে একটি মিছিল বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি দলীয় কার্যালয় পর্যন্ত প্রদক্ষিণ করে।
নগর যুবদলের সভাপতি কাজী বেলালের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান কবির, নগর যুবদলের সহসভাপতি নুর আহমেদ প্রমুখ।
সমাবেশে কাজী বেলাল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির ফল। আওয়ামী লীগ একদলীয় বাকশাল শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যা ইচ্ছে তাই করছে। এ দেশের যুবসমাজ তারেক রহমানের বিরুদ্ধে যেকোনো ধরনের প্রতিহিংসামূলক পদক্ষেপ রুখে দাঁড়াবে।
মোশাররফ হোসেন বলেন, তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরানোর অপচেষ্টা চালাচ্ছে সরকার। তাঁর সম্পত্তি ক্রোকের যে নির্দেশ দেওয়া হয়েছে, তা ষড়যন্ত্রমূলক। বাংলাদেশে তাঁর সম্পত্তি হচ্ছে গণমানুষের হৃদয়, যা কোনো দিন ক্রোক করতে পারবে না এই সরকার।
ছাত্রদলের বিক্ষোভ: চট্টগ্রাম নগর ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও চান্দগাঁও থানা ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেনের মুক্তির দাবিতে চান্দগাঁও থানা ছাত্রদল গতকাল বিকেলে বহদ্দারহাট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে।
চান্দগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলজার হোসেনের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ।
সমাবেশে বক্তারা মোশাররফ হোসেনের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি করে বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন প্রতিহত করা সম্ভব নয়।